Advertisement
E-Paper

কারিগরি শিক্ষার পরিকাঠামো উন্নয়নে চারটি নতুন প্রকল্প চালু করল এআইসিটিই, কী কী সুবিধা পাওয়া যাবে?

এই প্রকল্পগুলির মাধ্যমে কলেজগুলিতে গবেষণাগারের সুযোগ-সুবিধা বাড়ানো, পরিকাঠামোর আধুনিকীকরণে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৬:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত করতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চারটি নতুন প্রকল্প চালু করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। এই প্রকল্পগুলির মাধ্যমে কলেজগুলিতে গবেষণাগারের সুযোগ-সুবিধা বাড়ানো, পরিকাঠামোর আধুনিকীকরণে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ।

এআইসিটিই-র ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট সেল-এর (আইডিসি) অধীনে প্রকল্পগুলির উপস্থাপনা করেছেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক যোগেশ সিংহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যসচিব অধ্যাপক শ্যামা রথ।

চারটি প্রকল্প হল— আইডিয়া ল্যাব, মডার্নাইজেশন অ্যান্ড রিস্ট্রাকচারিং ফর আউটকাম বেসড সিস্টেম (মডরবস), মার্গদর্শন এবং গ্রান্ট ফর অর্গানাইজ়িং কনফারেন্স (জিওসি)।

১। আইডিয়া ল্যাব প্রকল্প

পড়ুয়াদের শ্রেণিকক্ষের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধান খুঁজতে নিজেদের ভাবনা কাজে লাগানোর সুযোগ পাবে।

এই প্রকল্পে হাতে-কলমে শেখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পড়ুয়ারা বিভিন্ন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে, নতুন মডেল বা প্রোটোটাইপ তৈরি করতে পারবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজতে পারবে। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের (স্টেম) বিষয়গুলির ব্যবহারিক প্রয়োগেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

২। মডরবস প্রকল্প

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো আধুনিক করে তোলাই মডরবস প্রকল্পের উদ্দেশ্য। এর মাধ্যমে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে সহায়তা করা হবে।

বিশেষত গবেষণা, পড়াশোনা এবং ব্যবহারিক প্রশিক্ষণের জন্য পড়ুয়া ও শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর উপর জোর দেওয়া হবে। এর ফলে গবেষণার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার মানও বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

৩। মার্গদর্শন প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে কলেজগুলির শিক্ষার মান ও পরিচালন পদ্ধতি উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় অর্থসাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি অন্যান্য কলেজকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এর ফলে কলেজগুলি নিজেদের শিক্ষণ পদ্ধতি উন্নত করতে পারবে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সম্পদ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হবে। সামগ্রিক ভাবে প্রতিষ্ঠানগুলির শিক্ষাগত সক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের লক্ষ্য।

৪। গ্রান্ট ফর অর্গানাইজ়িং কনফারেন্স প্রকল্প

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শিক্ষামূলক সম্মেলন আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য।

এই ধরনের সম্মেলনে শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞেরা নিজেদের গবেষণার ফলাফল, নতুন আবিষ্কার ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারবেন। এর মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে।

কারিগরি শিক্ষায় কী প্রভাব পড়বে?

এআইসিটিই-র এই চারটি প্রকল্পের মূল লক্ষ্য দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা। গবেষণাগারের উন্নতি, আধুনিক পরিকাঠামো, শিক্ষাগত পরামর্শ এবং গবেষণাভিত্তিক আলোচনার সুযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানগুলির সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দেশের আরও বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক সহায়তা ও উন্নয়নের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

AICTE Education New Scheme

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy