Advertisement
E-Paper

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শেষের নির্দেশ, বেঁধে দেওয়া হল সময়সীমা ৩ ডিসেম্বর পর্যন্ত

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং নীতি আয়োগের পর্যবেক্ষণের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে এখনও পর্যন্ত মাত্র ১৩.৭ শতাংশ স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংক্রান্ত সংবেদনশীলতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৪:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকারপোষিত স্কুলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দ্রুত শেষ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে সব জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বাকি থাকা স্কুলগুলিতে এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং নীতি আয়োগের পর্যবেক্ষণের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে এখনও পর্যন্ত মাত্র ১৩.৭ শতাংশ স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংক্রান্ত সংবেদনশীলতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ এখনও সম্পূর্ণ হয়নি, এমন স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ৩০ মিনিটের একটি বিশেষ ‘সেনসিটাইজ়েশন মডিউল’ বা সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। স্কুলের প্রধানশিক্ষক ‘প্রশস্ত’ পোর্টালে নিজের হেডমাস্টার লগ-ইন ব্যবহার করে এই প্রশিক্ষণ চালাতে পারবেন। পোর্টালের ‘ভিডিয়ো টিউটোরিয়াল’ বিভাগে এই মডিউলটি পাওয়া যাবে।

প্রশিক্ষণ সংক্রান্ত পোর্টালের এই ওয়েবসাইট https://prashast.education.gov.in/ থেকে তথ্য পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে সব স্কুলে প্রশিক্ষণ সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলা শিক্ষা আধিকারিকদের নিয়মিত অগ্রগতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশিকা মেনে ৭ অক্টোবরের মধ্যে রাজ্যের স্কুলগুলিতে প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য ‘প্রশস্ত’ পোর্টালে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ’-এর (সেনসিটাইজ়েশন মডিউল অন ইনক্লুসিভ এডুকেশন) ভিডিয়ো স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছিল, ৭ অক্টোবর থেকে ‘প্রশস্ত’ পোর্টালে প্রধানশিক্ষক লগ-ইন করে ‘ভিডিয়ো টিউটোরিয়াল’ অপশনে এই মডিউলটি পাবেন। সেই প্রশিক্ষণই ৩ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

school

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy