মানুষের আচরণ, চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং সেই আচরণের উপর ভিত্তি করে কী ভাবে সরকারি নীতি তৈরি করা যায়, সে জন্য বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি পড়ার সুযোগ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই বিষয় নিয়ে কোর্স। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি এক বছরের অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স। এই কোর্সে জননীতি, রাজনৈতিক অর্থনীতি এবং বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে পড়ানো হবে। পাশাপাশি, মানুষের আচরণ, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং সামাজিক রীতিনীতির প্রভাব, গবেষণার পদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও সরকারি প্রকল্পের কার্যকারিতা যাচাই করার বিষয়গুলিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। মানুষের প্রয়োজন ও আচরণ বুঝে কী ভাবে সরকারি পরিষেবা ও নীতি তৈরি করা যায়, কোনও নীতি বাস্তবে কী ভাবে কার্যকর করা সম্ভব এবং সামাজিক সমস্যার সমাধানে বিভিন্ন ব্যবস্থার ভূমিকা কী, তা-ও শেখানো হবে।
এ ছাড়াও, নীতি নির্ধারণের ক্ষেত্রে নৈতিকতা, সমান অধিকার ও সামাজিক ন্যায়ের গুরুত্ব এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে মানুষের আচরণ ও অধিকার কী ভাবে বিবেচনা করা উচিত, সে বিষয়ের পাঠও থাকবে। এটি সান্ধ্যকালীন কোর্স। মোট ৩০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কোর্সমূল্য ধার্য করা হয়েছে ১৫০০০ হাজার টাকা-সহ ১৮ শতাংশ জিএসটি। যে কোনও আগ্রহী স্নাতক ভর্তি হতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ৪ জানুয়ায়ি থেকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওই বিজ্ঞপ্তি থেকেই।