বাংলার দীর্ঘদিনের জাদুচর্চার (ম্যাজিক) ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে তৈরি হতে চলেছে ‘পিসি সরকার জাদু গুরুকুল’ এবং একটি জাদুঘর। জাদুশিল্প শেখার পাশাপাশি বাংলার জাদুচর্চার ইতিহাস ও ঐতিহ্যকে নথিবদ্ধ করে রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃত দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
শুক্রবার কলকাতার নন্দনে এই প্রকল্পের রূপরেখা নিয়ে প্রথম বৈঠক হয় বলে জানা গিয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে পূর্ণিমা চক্রবর্তী এবং দফতরের সচিব সৌমিত্র মোহন-সহ ছিলেন জাদুকর পিসি সরকার (জুনিয়র), তাঁর স্ত্রী জয়শ্রী সরকারও।
এই প্রকল্পের বিষয়ে আনন্দবাজার ডট কম-এর প্রতিনিধিকে পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্পকলাকে দেশ-বিদেশের সামনে তুলে ধরার বৃহত্তর উদ্যোগের অঙ্গ হিসেবেই জাদু গুরুকুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর কথায়, “পিসি সরকার (জুনিয়র) এবং তাঁর সহযোগীরা যে ধরনের পরিকল্পনা ও পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ীই কাজ এগোবে।” প্রকল্পটির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদন ও নির্দেশনাও রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক ভাবে কলকাতাতেই এই প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। পরে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই ধরনের প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। তবে কোথায় প্রতিষ্ঠানটি তৈরি হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরির কাজ চলছে।
আরও পড়ুন:
জাদু গুরুকুলে ছোটদের পাশাপাশি কলেজ পড়ুয়ারাও জাদুশিল্প শেখার সুযোগ পেতে পারেন। মূলধারার স্কুল বা কলেজের পড়াশোনার পাশাপাশি আগ্রহী পড়ুয়ারা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। তবে ভর্তির বয়স, কোর্সের মেয়াদ, পাঠ্যক্রম এবং আবেদন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। পিসি সরকার (জুনিয়র) ও তাঁর সহযোগীদের পরামর্শ মেনেই এই বিষয়ে নির্দেশিকা তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
প্রদীপচন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র) পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের সঙ্গেও এই উদ্যোগ জড়িয়ে রয়েছে বলে জানান পূর্ণিমা। তাঁর কথায়, পিসি সরকারের (জুনিয়র) বাবা প্রয়াত জাদুকর প্রতুলচন্দ্র সরকার ওরফে পিসি সরকারের স্বপ্ন ছিল ম্যাজিকের জন্য এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগে পরিবারটির আবেগও জড়িয়ে রয়েছে। তাই তাঁদের সঙ্গে আলোচনা করে এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ মতোই পরবর্তী প্রক্রিয়া এগোবে।