সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৭ সালের বোর্ড পরীক্ষার আগে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফের ‘লিস্ট অব ক্যান্ডিডেটস’ (এলওসি)-এ দেওয়া তথ্য সংশোধনের জন্য সুযোগ দিল।
পরীক্ষার্থীদের নাম, বাবা-মা বা অভিভাবকের নাম, জন্মতারিখ এবং নির্বাচিত বিষয় সংক্রান্ত তথ্য সংশোধন করা যাবে। সংশোধনের জন্য বোর্ডের নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in-এ চালু হয়েছে বিশেষ উইন্ডো। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত এই সুযোগ দেওয়া হল পড়ুয়াদের।
বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার আগে পড়ুয়া, অভিভাবক এবং স্কুলগুলিকে আরও একবার তথ্য যাচাইয়ের সুযোগ দিতেই এই ব্যবস্থা। এর ফলে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ভুলের সম্ভাবনা কমবে।
কোন কোন তথ্য যাচাই করা জরুরি?
বোর্ডের তরফে অভিভাবকদের কয়েকটি বিষয় বিশেষ ভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে—
১। পড়ুয়ার নাম, জন্মতারিখ, মায়ের নাম এবং বাবার নাম এলওসি-তে ঠিক ভাবে লেখা হয়েছে কি না, তা যাচাই করতে হবে।
২। নামের সংক্ষিপ্ত রূপের পরিবর্তে সম্পূর্ণ নাম লিখতে হবে। ভবিষ্যতে বিভিন্ন নথিতে পূর্ণ নামের প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন:
৩। পড়ুয়া ভবিষ্যতে বিদেশে পড়াশোনা বা অন্য কোনও কাজে যাওয়ার পরিকল্পনা করলে নামের সঙ্গে পদবি দেওয়া রয়েছে কি না, তাও দেখে নিতে হবে।
৪। জন্মতারিখের প্রতিটি তথ্য সঠিক রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
৫। পড়ুয়ার পাসপোর্ট তৈরি হয়ে থাকলে, এলওসি-তে দেওয়া তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলিয়ে নিতে হবে।
৬। দশম ও দ্বাদশ— দুই শ্রেণির ক্ষেত্রেই নির্বাচিত বিষয়গুলি ভাল করে যাচাই করতে হবে। সংশোধনের সময়সীমা পেরিয়ে গেলে বিষয় পরিবর্তনের আবেদন আর গ্রহণ করা হবে না।
কী ভাবে এলওসি-র তথ্য সংশোধন করবেন?
১। প্রথমে সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in খুলতে হবে।
আরও পড়ুন:
২। হোমপেজে থাকা এলওসি জমা দেওয়ার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নতুন পেজ খুললে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে।
৪। এর পর পরীক্ষার্থীর এলওসি-তে দেওয়া তথ্য দেখা যাবে।
৫। সমস্ত তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে হবে।
৬। সংশোধন সম্পূর্ণ হলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত তথ্য যাচাই ও সংশোধন করে নেওয়া জরুরি। ৭ নভেম্বরের পরে এলওসি-তে আর কোনও পরিবর্তন করা যাবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।