বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন বিভাগের একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনে ভর্তি নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.buruniv.ac.in) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সংশোধন করা যাবে। ইউজিসি নিয়ম অনুযায়ী আবেদন করার আগে শিক্ষার্থীদের ‘এবিসি আইডি’ এবং ‘অ্যান্টি-র্যাগিং রেফারেন্স নম্বর’ সংগ্রহ করা বাধ্যতামূলক।
আরবি, বাংলা, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃতি, সমাজবিজ্ঞান, উর্দু, নারীশিক্ষা, গণজ্ঞাপন ও মাস কমিউনিকেশন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এডুকেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স, অর্থনীতি বিষয়ে ভর্তি নেওয়া হচ্ছে। এ ছাড়াও রয়েছে হিন্দুস্থানি ক্লাসিক্যাল ভোকাল মিউজ়িক এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনার সুযোগ। পাশাপাশি বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট কোর্সে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে।
আবেদনের ক্ষেত্রে সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ৫ থাকতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। স্নাতকোত্তরের বেশিরভাগ কোর্সের মেধাতালিকা স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হবে।
ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর সম্ভাব্য মেধাতালিকা প্রকাশ করা হবে। এর পর ২ অক্টোবর কাউন্সেলিং সংক্রান্ত নোটিস প্রকাশের পর ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে প্রথম পর্যায়ের কাউন্সেলিং এবং ৯ থেকে ১১ অক্টোবরের মধ্যে ভর্তি ফি জমা নেওয়া হবে। সফল ভাবে ভর্তি হওয়া পড়ুয়াদের ক্লাস এবং নথিপত্র যাচাইকরণ প্রক্রিয়া শুরু হবে ১২ ও ১৩ অক্টোবর। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই জানা যাবে।