নিট ইউজি ২০২৬-এর বিশেষ স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড এবং পঞ্চম রাউন্ডের জন্য আসন তালিকা প্রকাশ করেছিল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। ৫ নভেম্বর পর্যন্তই আসন সংরক্ষণ করতে পারবেন পড়ুয়ারা।
চিকিৎসা, দন্ত চিকিৎসা এবং নার্সিংয়ের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য মোট ১,২২১টি শূন্য আসন ছিল। যে প্রার্থীরা এখনও আসন সংরক্ষণ করেননি তাঁরা এমসিসি-র নিজস্ব ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে আসন তালিকা দেখতে পারবেন। পাশাপাশি নিজেদের পছন্দের কলেজ ও কোর্সও বেছে নিতে পারবেন।
পছন্দ কোর্স লক করার প্রক্রিয়া শুরু হবে ৪ নভেম্বর বিকেল ৪টে থেকে। তা চলবে ৫ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত। এই সময়সীমা সার্ভারের সময় অনুযায়ী নির্ধারিত। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পছন্দের তালিকা যাচাই করে লক করতে হবে প্রার্থীদের।
কবে প্রকাশিত হবে আসন বরাদ্দের ফল?
৫ ও ৬ নভেম্বর আসন বরাদ্দের প্রক্রিয়া চলবে। এর পর ৭ নভেম্বর, ২০২৬ ফল প্রকাশ করবে এমসিসি। যে প্রার্থীরা আসন পাবেন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
কবে কলেজে রিপোর্ট করতে হবে?
আসন পাওয়া প্রার্থীদের কলেজে রিপোর্টিং শুরু হবে ৭ নভেম্বর থেকে। এই প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় নথি যাচাই এবং ভর্তির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে।
প্রার্থীদের সর্বশেষ আসন তালিকা দেখে তার পর পছন্দের আসন নির্বাচন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা লক করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।