বৃদ্ধি করা হল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সেপ্টেম্বর সেশনে বিভিন্ন পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের মেয়াদ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোট ১৭টি বিষয়ে পিএইচডিতে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই ভর্তি প্রক্রিয়ায় ইউজিসি-নেট এবং সিএসআইআর-ইউজিসি-নেটের নম্বর বিবেচনা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান। নতুন করে ইংরেজি এবং ট্রান্সলেশন স্টাডিজ় বিষয় দু’টিকেও আবেদনের তালিকায় যুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৭টি বিভাগ মিলিয়ে মোট ১৪৭টি পিএইচডি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি ৪৯টি আসন রয়েছে। অর্থনীতিতে ১৯টি, কম্পিউটার সায়েন্সে ১৫টি, ম্যানেজমেন্ট স্টাডিজ়ে ১১টি এবং ইংরেজিতে ১০টি আসন রয়েছে।
আরও পড়ুন:
আগ্রহী প্রার্থীদের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট বিষয়ের যোগ্যতা, আসন এবং অন্যান্য শর্ত ভাল করে দেখে নিতে হবে। আবেদনের পর প্রাথমিক বাছাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের জন্য মোট ৩০ নম্বর বরাদ্দ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের আলাদা করে চিঠি বা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে ইন্টারভিউ বা অন্যান্য তথ্য জানানো হবে না। তাই আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
পিএইচডিতে গবেষণা করতে আগ্রহী যাঁরা ইউজিসি-নেট বা সিএসআইআর-ইউজিসি-নেটের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের জন্য এই ভর্তি প্রক্রিয়া। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র ঠিক ভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের তরফে।