চেন্নাইয়ে আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস খোলার চূড়ান্ত অনুমোদন পেল অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ইউডব্লিউএ)। ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর চেন্নাইয়ে ক্যাম্পাস চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। তামিলনাড়ুতে ইউজিসির অনুমোদন পাওয়া প্রথম বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জায়গা করে নিয়েছে ইউডব্লিউএ। একই সঙ্গে এটি চেন্নাইয়ে ক্যাম্পাস খোলার অনুমোদন পাওয়া প্রথম অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ‘গ্রুপ অফ এইট’-এর প্রথম প্রতিষ্ঠান।
ভারতে নিজস্ব ক্যাম্পাস তৈরির জন্য ইউডব্লিউএ মোট ৮ কোটি অস্ট্রেলীয় ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এরই অংশ হিসাবে চেন্নাইয়ের নতুন ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে। এর আগে মুম্বইয়ে ক্যাম্পাস চালু করেছিল বিশ্ববিদ্যালয়টি। ফলে, একই সময়ে ভারতে দু’টি ক্যাম্পাস চালু করা প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ও হল ইউডব্লিউএ।
চেন্নাই ক্যাম্পাসে প্রথম ব্যাচের পড়ুয়াদের জন্য ওরিয়েন্টেশন শুরু হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা। পড়ুয়াদের জন্য বৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এবং ইনোভেশনের ক্ষেত্রে চেন্নাইয়ের গুরুত্বের কারণে নতুন ক্যাম্পাসে এই ক্ষেত্রগুলির সঙ্গে সম্পর্কিত একাধিক কোর্স চালু করা হয়েছে। প্রাথমিক ভাবে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ব্যবসা এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে।
স্নাতক স্তরে বিজ়নেস ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স পড়ানো হবে। স্নাতকোত্তর স্তরে মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি এবং এমবিএ করার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
-
নিট পিজি ২০২৬-এর ‘আনসার কি’ ঘিরে ক্ষোভ, প্রশ্ন ও ‘অপশন’ প্রকাশ না করায় স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন
-
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি
-
জেইই মেন ২০২৭-এর প্রথম সেশন ২২ জানুয়ারি থেকে, এখনও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া
ইউডব্লিউএ-র ভাইস-চ্যান্সেলর অমিত চক্রবর্তী জানিয়েছেন, ইউজিসির অনুমোদনের ফলে চেন্নাইয়ে পড়ুয়াদের স্বাগত জানানোর পথ আরও সহজ হয়েছে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাকাডেমিক এবং শিল্পক্ষেত্রের বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেও তিনি জানান।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুকও চেন্নাইয়ে ইউডব্লিউএ-র ক্যাম্পাসকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি এবং শিল্পের ক্ষেত্রে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তামিলনাড়ুর মধ্যে একাধিক মিল রয়েছে। নতুন ক্যাম্পাস দুই অঞ্চলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে বলেই তিনি মনে করছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়নও চেন্নাইয়ে ইউডব্লিউএ-কে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এই ক্যাম্পাসের মাধ্যমে পড়ুয়ারা আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবেন এবং তামিলনাড়ু ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষাগত সম্পর্ক আরও মজবুত হবে।