Advertisement
E-Paper

আরটিআই পোর্টালে যুক্ত হচ্ছে রাজ্যের স্কুল, পুজোর আবহেই সাত দিনের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ

নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয় ও তার অধীনস্থ অফিসের প্রথম আপিল কর্তৃপক্ষ এবং রাজ্য জনতথ্য আধিকারিকের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের নাম, পদ, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর নির্দিষ্ট ছকে জানাতে বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৭:১২

ছবি: এআই সহায়তায় তৈরি।

রাজ্যের সরকারি, সরকার পোষিত স্কুলগুলিকে তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এর (২০০৫) অনলাইন পোর্টালের আওতায় আনায় উদ্যোগী হয়েছে রাজ্য স্কুলশিক্ষা দফতর। এই লক্ষ্যে বিদ্যালয় ও অধস্তন অফিসগুলির প্রয়োজনীয় তথ্য চেয়ে নির্দেশিকা জারি করেছেন উত্তর ২৪ পরগনার জেলা স্কুল পরিদর্শক। নির্দেশিকায় বলা হয়েছে, সব বিদ্যালয়ের প্রধানদের সাত দিনের মধ্যে নির্দিষ্ট তথ্য জমা দিতে হবে।

রাজ্য সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের অনলাইন আরটিআই পোর্টাল-এ (https://rtionline.wb.gov.in) বিদ্যালয় ও অধস্তন অফিসগুলিকে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয় ও তার অধীনস্থ অফিসের প্রথম আপিল কর্তৃপক্ষ এবং রাজ্য জনতথ্য আধিকারিকের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের নাম, পদ, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর নির্দিষ্ট ছকে জানাতে বলা হয়েছে।

এই তথ্যের সফ্‌ট কপি পাঠাতে হবে rtisedwb@gmail.com ইমেল ঠিকানায়। পাশাপাশি, জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে দেওয়া নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করেও তথ্য জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর স্কুলশিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল। তারই পরবর্তী পদক্ষেপ হিসাবে জেলা স্তরে বিদ্যালয়গুলির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

তথ্য জানার অধিকার আইন অনুযায়ী, সাধারণ নাগরিক সরকারি কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট তথ্য চেয়ে আবেদন করতে পারেন। অনলাইন পোর্টালে বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিসগুলিকে অন্তর্ভুক্ত করার ফলে আরটিআই সংক্রান্ত আবেদন ও প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

school

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy