Advertisement
E-Paper

এআই-এর প্রভাব বাড়তেই কর্মী ছাঁটাই করছে বহুজাতিক সংস্থাগুলি! না কি এর নেপথ্যে অন্য কারণ?

তথ্য বলছে, খরচ কমানো, কাজের গতি বাড়ানো এবং এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিই এই পরিবর্তনের অন্যতম কারণ। তবে কর্মী ছাঁটাইয়ের প্রতিটি সিদ্ধান্তের পিছনে যে শুধু এআইয়ের ভূমিকা রয়েছে, তা বলা যায় না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বদলাচ্ছে বিশ্বের কর্মসংস্থানের ছবিও। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রে একাধিক সংস্থা কর্মীসংখ্যা কমানো এবং ব্যবসার কাঠামোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিচ্ছে। তথ্য বলছে, খরচ কমানো, কাজের গতি বাড়ানো এবং এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিই এই পরিবর্তনের অন্যতম কারণ। তবে কর্মী ছাঁটাইয়ের প্রতিটি সিদ্ধান্তের পিছনে যে শুধু এআইয়ের ভূমিকা রয়েছে, তা বলা যায় না। ব্যবসায়িক পুনর্গঠন, আর্থিক পরিস্থিতি এবং বাজারের চাহিদার পরিবর্তনও এর সঙ্গে যুক্ত।

ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রে পরিবর্তন

আর্থিক পরিষেবা ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দীর্ঘদিন ধরেই বাড়ছে। গ্রাহক পরিষেবা, তথ্য বিশ্লেষণ, নথিপত্র যাচাই এবং নিয়মিত প্রশাসনিক কাজের একাংশ এখন প্রযুক্তির সাহায্যে করা সম্ভব হচ্ছে। এর ফলে বিভিন্ন ব্যাঙ্ক তাদের কর্মীসংখ্যা ও কাজের ধরন নতুন করে পর্যালোচনা করছে। তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কে কর্মীসংখ্যা কমানো বা পদ পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।

প্রযুক্তি সংস্থাগুলিতেও কর্মীসংখ্যা কমানোর প্রবণতা

তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স ক্ষেত্রেও কর্মী ছাঁটাইয়ের ঘটনা সামনে এসেছে। চলতি বছরের জানুয়ারিতে এক বেসরকারি সংস্থা বিশ্ব জুড়ে প্রায় ১৬ হাজার কর্পোরেট পদ কমানোর কথা জানিয়েছিল। সংস্থার দাবি ছিল, কাজের স্তর কমানো, দায়িত্ব বাড়ানো এবং প্রশাসনিক জটিলতা দূর করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে। এআইয়ের ব্যবহার বৃদ্ধির প্রতিযোগিতাও এই বৃহত্তর পরিবর্তনের প্রেক্ষাপটের অংশ বলেই জানিয়েছিল ওই সংস্থা।

অন্য দিকে, আরেকটি আর্থিক প্রযুক্তি সংস্থা প্রায় চার হাজার কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছিল, যা সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় অর্ধেক। সংস্থার প্রধান জানিয়েছিলেন, এআইয়ের সাহায্যে উৎপাদনশীলতা বৃদ্ধি এই সিদ্ধান্তের অন্যতম কারণ। তবে কর্মী ছাঁটাইয়ের পরে সংশ্লিষ্ট কাজগুলি কতটা কার্যকর ভাবে এআইয়ের মাধ্যমে করা সম্ভব, তা নিয়ে কর্মীদের একাংশের মধ্যে প্রশ্নও উঠেছে একাধিকবার।

এ ছাড়াও, আরও একাধিক প্রযুক্তি সংস্থায় কর্মীসংখ্যা কমানো বা নিয়োগের পরিকল্পনায় পরিবর্তন আনার খবর প্রায়ই সামনে আসেছে। তবে সব ক্ষেত্রেই ছাঁটাইয়ের কারণ এক নয়। কোথাও এআইয়ের কারণে কাজের ধরন বদলাচ্ছে, আবার কোথাও ব্যবসায়িক পুনর্গঠন ও খরচ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শুধু ব্যাঙ্কিং বা প্রযুক্তি নয়, অন্যান্য শিল্পক্ষেত্রেও কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। তথ্য অনুযায়ী, একটি আমেরিকান বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ২০২৮ সালের মধ্যে বিশ্ব জুড়ে ৪,০০০ থেকে ৬,০০০ পদ কমানোর পরিকল্পনা করেছে। লন্ডনের একটি তামাকজাত পণ্য উৎপাদন সংস্থা ২০৩০ সালের মধ্যে কর্মীসংখ্যা কমানো ও কাজের কাঠামোয় পরিবর্তনের পরিকল্পনা জানিয়েছে।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এক সংস্থা নিজেদের পরিচালন ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে। যদিও সকলেই যে শুধুই এআই-এর কারণেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় হাঁটছে তার কোনও প্রমাণ মেলেনি। সংস্থাগুলির ঘোষণায় খরচ নিয়ন্ত্রণ, কাজের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার মতো বিষয়ও উঠে এসেছে।

কেন বাড়ছে এআই নির্ভরতা?

এআইয়ের সাহায্যে তথ্য বিশ্লেষণ, নথিপত্র তৈরি, গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া এবং সফ্‌টওয়্যারের কোড লেখার মতো কাজ দ্রুত করা সম্ভব হয়ে উঠছে। ফলে আগে যে কাজের জন্য একাধিক কর্মীর প্রয়োজন হত, তার কিছু অংশ এখন এআই-এর দ্বারা হয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সংস্থা এআই পরিকাঠামো এবং তথ্যকেন্দ্রে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এই পরিস্থিতিতে কর্মীসংখ্যা, দক্ষতা এবং দায়িত্বের ধরন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

AI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy