পারিবারিক ব্যবসার পরিচালনা, সম্প্রসারণ এবং পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে আরও দক্ষ করে তুলতে দু’বছরের এমবিএ প্রোগ্রাম চালু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) লখনউ। ‘এমবিএ ইন ফ্যামিলি বিজ়নেস’ নামের এই কোর্সে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত মালিক, তাঁদের পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য এবং ভবিষ্যতে ব্যবসার দায়িত্ব নিতে চলেছেন এমন ব্যক্তিদের কথা ভেবে এই কোর্স তৈরি করা হয়েছে। ব্যবসার পরিকল্পনা, কর্পোরেট পরিচালন ব্যবস্থা, উত্তরাধিকার পরিকল্পনা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার-সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রোগ্রামে। এই দু’বছরের কোর্সের অন্যতম আকর্ষণ ‘ফ্যামিলি বিজ়নেস ল্যাব’। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পারিবারিক ব্যবসাকেই গবেষণা ও বিশ্লেষণের বিষয় হিসেবে বেছে নিতে পারবেন বলে মনে করছে প্রতিষ্ঠান। এ ছাড়া, নতুন ব্যবসা শুরু করা বা ব্যবসায় নতুন কোনও উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আইআইএম লখনউয়ের এন্টারপ্রাইজ় ইনকিউবেশন সেন্টারের সহায়তা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রতি মাসে প্রায় সাত দিন ক্যাম্পাসে উপস্থিত থেকে ক্লাস করতে হবে। আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি এবং কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীর পারিবারিক ব্যবসার বার্ষিক টার্নওভার অন্তত ২০ কোটি টাকা হতে হবে। জিম্যাট বা জিআরই স্কোরের ভিত্তিতে অথবা আইআইএম লখনউয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কোর্সের মূল ফি ২৫ লক্ষ ৩০ হাজার টাকা, এর সঙ্গে কর দিতে হবে। গ্লোবাল ইমার্সন ছাড়া মোট ফি ২৮ লক্ষ ৩০ হাজার টাকা এবং গ্লোবাল ইমার্সন-সহ মোট ফি প্রায় ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা। আবেদন, ভর্তির শর্ত এবং কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে আইআইএম লখনউয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।