ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় চাকরি ছাডার হিড়িক পড়ে গিয়েছিল। ইসরো থেকে ১০০ জনেরও বেশি বিজ্ঞানী-কর্মী পদত্যাগ করেছেন। এই ছেড়ে যাওয়া কর্মীদের অধিকাংশই বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের। তবে এই সবের মাঝেই চুক্তি ভিত্তিক গবেষক নিয়োগ করতে চলেছে ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) অন্যতম প্রধান কেন্দ্র হায়দরাবাদের ‘ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার’ (এনআরএসসি) বিভিন্ন অস্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো-সহ একাধিক পদে অস্থায়ী ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সে জন্য শুরু হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদনের জন্য সিভিল, এগ্রিকালচারাল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ বিই বা বিটেক-সহ সংশ্লিষ্ট বিষয়ে (ওয়াটার রিসোর্স, রিমোট সেন্সিং, জিআইএস, ডেটা সায়েন্স) এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, আইটি, জিয়োইনফরমেটিক্স, রিমোট সেন্সিং বা কৃষি বিজ্ঞানে বিই, বিটেক, এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য কম্পিউটার সায়েন্স, আইটি বা জিয়োইনফরমেটিক্সে বিই বা বিটেক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রজেক্ট অ্যাসোসিয়েট ২ পদের ক্ষেত্রে গবেষণার দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো-র জন্য ফিজিক্স, মেটিয়োরোলজি, ওশেনোগ্রাফি, ক্লাইমেট সায়েন্স বা এগ্রিকালচারে স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে সিএসআইআর নেট বা গেট অথবা সমমানের জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
আরও পড়ুন:
-
বিনামূল্যে জেইই ও নিট-এর প্রশিক্ষণ পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা! দিল্লি সরকারের নয়া উদ্যোগের বিজ্ঞপ্তি প্রকাশিত
-
১৪ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘গেট ২০২৭’-এর রেজিস্ট্রেশন, আবেদনে ডিজিলকার সংযোগ বাধ্যতামূলক করল আইআইটি মাদ্রাজ
-
এমসিসি-র নিয়মে বদল হলেও তামিলনাড়ু নিট ইউজি-র কাউন্সেলিং পদ্ধতিতে কোনও পরিবর্তন নয়, জানাল ডিএমই
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের এনআরএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.nrsc.gov.in/Career_Apply) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।