ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষা পরিচালনা এবং তার সুরক্ষা পরিকাঠামো মজবুত করাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করল। শিক্ষামন্ত্রক জানিয়েছে, অধ্যাপক কে রাধাকৃষ্ণন নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়িত করতে এই প্রথম বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সংস্থায় জেনারেল ম্যানেজার পদের পাশাপাশি ইউপিএসসি প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে তরুণ পেশাদার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১) চারটি জেনারেল ম্যানেজার পদ: প্রাথমিক ভাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে চারজন জেনারেল ম্যানেজার নিয়োগ করা হবে।
জিএম (অ্যাসেসমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও সাইকোমেট্রিক্স): উন্নত মূল্যায়ন পদ্ধতি, প্রশ্নব্যাঙ্ক তৈরি এবং এআই চালিত পরীক্ষা ব্যবস্থার দিকগুলি দেখবেন এই পদপ্রার্থীরা।
জিএম (টেস্ট সেন্টার নেটওয়ার্ক ও অপারেশনস): দেশ-বিদেশের পরীক্ষা কেন্দ্রগুলির সার্বিক গুণমান ও পরিচালনা তদারকি করবেন।
জিএম (ইনফরমেশন সিকিউরিটি): চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ডেটা সুরক্ষা আইন ২০২৩ বজায় রাখবেন।
জিএম (ভিজিল্যান্স, ইনভেস্টিগেশন ও ফরেনসিক): পরীক্ষার অনিয়ম তদন্ত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখবেন।
২) ১৬ জন তরুণ পেশাদার নিয়োগ: আইএএস বা সিভিল সার্ভিসেস পরীক্ষায় যোগ দেওয়া প্রার্থীদের মধ্য থেকে ইউপিএসসি প্রতিভা সেতু পোর্টালের সাহায্যে ১৬ জন তরুণ পেশাদারকে নেওয়া হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও ১২ জন একাডেমিক রিসার্চ, দু’টি লিগ্যাল রিসার্চ, দু’টি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিযুক্তেরা মাসিক নির্দিষ্ট বেতনে প্রাথমিক ভাবে এক বছরের জন্য কাজ করবেন। পরে কাজের যোগ্যতার উপর ভিত্তি করে মেয়াদ ৩৬ মাস পর্যন্ত বৃদ্ধি হতে পারে।
উল্লেখ্য, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক মানোন্নয়নের জন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও অনুবাদকদের নতুন প্যানেল তৈরির প্রক্রিয়াও শুরু করেছে এনটিএ।