Advertisement
E-Paper

‘কজরা রে ২.০’ গানের প্রস্তাবে রাজি অভিষেক! বাবা ও স্ত্রীর নাম করে দিলেন বিশেষ শর্ত?

‘বন্টী অউর ববলী’ ছবির জনপ্রিয় গান ‘কজরা রে’। একই গানে একসঙ্গে নাচে মাতেন অভিষেক, ঐশ্বর্যা ও অমিতাভ। সেই গান নিয়ে কী বললেন অভিষেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৭:২১
‘কজরা রে’ গান তৈরির কাহিনি শোনালেন অভিষেক।

‘কজরা রে’ গান তৈরির কাহিনি শোনালেন অভিষেক। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের কেরিয়ারে সবচেয়ে আনন্দের শুটিংয়ের অভিজ্ঞতাগুলির মধ্যে এখনও জায়গা করে রয়েছে ‘কজরা রে’। প্রবল জনপ্রিয় এই গানের শুটিংয়ের স্মৃতি রোমন্থন করে অভিনেতা জানান, সেখানে নিখুঁত কোরিয়োগ্রাফ করা কোনও দৃশ্য ছিল না। বরং ঐশ্বর্যা রায় বচ্চন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল এক বিশাল ‘ডান্স পার্টি’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কজরা রে’-র শুটিংয়ের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, “‘কজরা রে’র মতো অন্য কোনও গানের শুটিং করে এতটা মজা পেয়েছি কি না জানি না। বিশাল যেন একটা পার্টি চলেছিল। আমরা ভীষণ উপভোগ করেছিলাম। এখনও মনে আছে, আমরা শুটিং করছিলাম আর সে দিন আমার জন্মদিন ছিল। একইসঙ্গে উদ্‌যাপন করা হয়েছিল।”

অভিষেক আরও জানান, পরিচালক শাদ অলী গানের শুটিংয়ের সময় একেবারে অন্যরকম পদ্ধতি নিয়েছিলেন। তাঁর কথায়, “শাদ যা করেছিল! ও গানটা চালিয়ে দিয়েছিল। আর প্রায় চার ঘণ্টা ধরে আমরা শুধু ‘ডান্স পার্টি’ করেছি। সেই সময়ে আমাদের মজা করা, সেটে একেবারে পাগলামি করা— এর অনেকটাই শাদ শুট করেছিল এবং পরে সেই দৃশ্যগুলিই গানের মধ্যে ব্যবহার করেছিল।” অভিনেতার কথায়, গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অনেক সুন্দর স্মৃতি।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যদি ‘কজরা রে ২.০’ তৈরি হয়, তাতে তিনি অভিনয় করতে আগ্রহী কি না। অভিষেক বলেন, “আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব। আমি এককথায় রাজি। তবে তার জন্য ঐশ্বর্যা আর আমার বাবাকে রাজি করাতে হবে।”

২০০৫ সালের ছবি ‘বন্টী অউর ববলী’র এই গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্যাকে। শঙ্কর-এহসান-লয়ের সুরে, গুলজ়ারের কথায় এবং অলীশা চিনায়, শঙ্কর মহাদেবন ও জাভেদ অলীর কণ্ঠে তৈরি গানটি দ্রুতই মানুষের খুব পছন্দের হয়ে ওঠে। মুক্তির কয়েক দশক পরেও বিয়ে থেকে পার্টি— বিভিন্ন অনুষ্ঠানে গানটি এখনও সমান জনপ্রিয়।

Abhishek Bachchan Amitabh Bachchan Aishwarya Rai Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy