Advertisement
E-Paper

রাত-দিন কাজে বুঁদ থেকে ‘পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়’! দর্শকের সামনে চোখের জল মুছলেন আমির খান

টানা ৩০ বছর কাজের মধ্যে এমন ডুবে থাকতেন যে, পরিবারকে সময় দিতে পারেননি। সেটাই কর্মজীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত বলে মনে করেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৩:১৮
আমিরের চোখে জল।

আমিরের চোখে জল। ছবি: সংগৃহীত।

টানা ৩০ বছর কাজের নেশায় বুঁদ হয়ে থেকেছেন। তার খেসারত দিতে হয়েছে পরিবারকে। জীবনের সেই উপলব্ধির কথা বলতে গিয়ে মঞ্চে চোখের জল ধরে রাখতে পারলেন না আমির খান। বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনয়জীবনের কঠিনতম সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। জানান, কাজের প্রতি একাগ্রতা তাঁকে বছরের পর বছর পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছিল।

বৃহস্পতিবার ওই আলোচনাসভায় নিজের জীবন ও কাজ নিয়ে কথা বলেন অভিনেতা। অভিনয়জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি, সেই প্রশ্নের উত্তরে আমির বলেন, “কোভিডের সময় যখন ঘরে বসেছিলাম, তখন বুঝতে পারি, জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গিয়েছে। এক বছর, দু’বছর, এমনকি পাঁচ বছর ধরে কোনও কাজে পাগলের মতো ডুবে থাকা যায়। কিন্তু সেটা যদি ৩০ বছর ধরে চলতে থাকে, তা হলে সম্পর্কগুলো হারিয়ে যায়। হঠাৎ খেয়াল হয় যে, সন্তানেরা বড় হয়ে গিয়েছে, এখন তারা প্রাপ্তবয়স্ক। আমার মনে হয়েছিল, জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছি।”

কথা বলতে বলতেই থমকে যান আমির। তার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন অভিনেতা। সেই সময় উপস্থিত দর্শকেরা করতালিতে তাঁকে অভিবাদন জানান। চোখের জল মুছে আমির বলেন, এই উপলব্ধিই তাঁকে জীবনে বড়সড় পরিবর্তন আনতে বাধ্য করেছে। গত চার বছর ধরে সচেতন ভাবেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য সময় বার করছেন তিনি। আমিরের কথায়, “আমি খুব খুশি যে, ৫৬ বছর বয়সে এই উপলব্ধিটা হয়েছিল, ৮৬ বছর বয়সে নয়। কারণ, তখন হয়তো সত্যিই আর করার কিছু থাকত না।”

নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে কেরিয়ারের শুরুর দিকের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আমির। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ বিপুল সাফল্য পেয়েছিল। সেই সাফল্যের পর মাত্র ছ’মাসের মধ্যে ন’টি ছবিতে সই করে ফেলেন তিনি। কিন্তু শুটিং শুরু হতেই নিজের ভুল বুঝতে পারেন অভিনেতা। আমির জানান, বাড়ি ফিরে তৎকালীন স্ত্রী রিনার কাছে কাঁদতেন তিনি।

এর পর একের পর এক ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। আমিরকে তখন ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ তকমাও দেওয়া হয়েছিল। অর্থাৎ, একটি ছবিতেই যাঁর সাফল্য নজর কেড়েছে! সেই সময়ের মানসিক অবস্থার কথা বোঝাতে গিয়ে অভিনেতা বলেন, “তখন মানসিক ও আবেগের দিক থেকে মনে হত, আমি যেন চোরাবালিতে আটকে গিয়েছি। ধীরে ধীরে ডুবে যাচ্ছি। আর যতই বেরিয়ে আসার চেষ্টা করছি, ততই আরও গভীরে তলিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, মাসকয়েক আগে তৃতীয় বার বিয়ে করেছেন আমির। তবে এখনও তাঁর প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা।

Aamir Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy