Advertisement
E-Paper

শাহরুখ অভিনীত ‘দেবদাস’-এর জন্য পাওয়া যাচ্ছিল না চুনীলাল, জ্যাকী কেন রাজি হলেন?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালে সঞ্জয় লীলা ভন্সালী তৈরি করেন ‘দেবদাস’। মুখ্য চরিত্রে শাহরুখ খান, ঐশ্বর্যা রায় বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকী শ্রফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১৭:৫৫
জ্যাকী ও শাহরুখের জুটি নজর কাড়ে।

জ্যাকী ও শাহরুখের জুটি নজর কাড়ে। ছবি: সংগৃহীত।

সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ ছবিতে চুনীলালের চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকী শ্রফ। সম্প্রতি সেই চরিত্রে অভিনয়ের নেপথ্যের গল্প শোনালেন অভিনেতা। তাঁর দাবি, একাধিক অভিনেতা চরিত্রটি ফিরিয়ে দেওয়ার পর শেষপর্যন্ত তাঁর কাছেই এসেছিল প্রস্তাব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দেবদাস’-এর স্মৃতি রোমন্থন করেন জ্যাকী। সেই সময় দর্শকের মধ্যে থেকে এক মহিলা তাঁকে জানান, তিনি ছবিটি পাঁচ বার দেখেছেন। তাঁর কথা শুনে জ্যাকী বলেন, “জানেন, কেউই ওই চরিত্রটা (চুনীলাল) করতে চাইছিলেন না, কারণ শাহরুখ খান সেখানে দেবদাসের চরিত্রে অভিনয় করছেন। যাঁদের কাছে ছবিটির প্রস্তাব গিয়েছিল, সকলেই বলেছিলেন, ‘আমার চরিত্রের নামই তো নেই… দেবদাস তো ওঁর (শাহরুখ) নাম।’”

জ্যাকী যোগ করেন, “যখন কেউ ওই চরিত্রটি করতে রাজি হলেন না, তখন প্রস্তাব আসে আমার কাছে। আমি একবাক্যে রাজি হই। বলি, ‘হ্যাঁ, আমি করব।’ মাধুরী (দীক্ষিত) রয়েছেন, আর আমি তাঁর চরিত্র চন্দ্রমুখীর কোঠার মালিক। তা হলে আমি সেখানে বসব না কেন? রাজি হই। তার পর জিজ্ঞাসা করি, আমার জন্য আর কী আছে? ওঁরা (নির্মাতারা) বলেন, ‘আপনার জন্য একটি গান আছে এবং এই সংলাপগুলো রয়েছে।’”

চরিত্রের সংলাপ পড়ে জ্যাকী নাকি জানিয়ে দিয়েছিলেন, তাঁর উপস্থিতি যতই কম হোক, তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, “আমি সংলাপগুলো পড়লাম এবং বললাম, ‘বিরতির পরেও যদি আমার চরিত্র ঢোকে, তাতেও আমার কিছু যায় আসে না। কারণ, আমি শুধু দাঁড়িয়ে থাকলেও আমাকে দেখা যাবে।’ আর ‘দেবদাস’-এ আমাকে দেখা গিয়েছিল।”

এর পর সেই মহিলা দর্শকের উদ্দেশে জ্যাকী প্রশ্ন ছুড়ে দেন, “আপনিও তো দেখেছেন। আমাকে দেখা গিয়েছিল, তাই না?” অভিনেতা আরও বলেন, “যখন কেউ চরিত্রটা নিতে চায় না, তখনই সেটা আমার কাছে আসে। আর এতে আমার কোনও আপত্তি নেই।”

জ্যাকীকে শেষবার দেখা গিয়েছে ‘দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো’-তে। এ বার তাঁর নতুন ছবি ‘কালি খেতি’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। হরর ঘরানার ছবিটি ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

Jackie Shroff Devdas Shah Rukh Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy