Advertisement
E-Paper

‘আমি অন্তঃসত্ত্বা জেনেই যশের চোখে জল চলে আসে’, পরিচালককে নিয়ে কী বললেন কিয়ারা আডবাণী?

‘টক্সিক’-এ নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি পরিবারের পরে প্রথম যাঁদের জানিয়েছিলেন, তাঁরা হলেন ছবির নায়ক যশ এবং পরিচালক গীতু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ১৪:৩৪
যশের প্রতিক্রিয়া জানান কিয়ারা!

যশের প্রতিক্রিয়া জানান কিয়ারা! ছবি: সংগৃহীত।

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর প্রচার অনুষ্ঠানে নিজের জীবনের এক বিশেষ মুহূর্তের কথা জানালেন কিয়ারা আডবাণী। ছবির সহ-অভিনেতা যশ এবং পরিচালক গীতু মোহনদাসের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়েই এই বিশেষ তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

‘টক্সিক’-এ নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। যশ ও গীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি পরিবারের পরে প্রথম যাঁদের জানিয়েছিলেন, তাঁরা হলেন ছবির নায়ক যশ এবং পরিচালক গীতু। তাঁদের দু’জনের উদ্দেশে কিয়ারা বলেন, “আমি নিজে যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তখন পরিবারের পর তোমাদের দু’জনকেই প্রথম এই খবর জানাই।” সেই সময়ে যশ এবং গীতুর প্রতিক্রিয়ার কথাও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “সেই মুহূর্তে তোমরা কেউ এটা চিন্তা করতে শুরু করোনি যে, কী ভাবে ছবির কাজ শেষ হবে বা কী ভাবে সব কিছু সামলানো হবে। তোমরা দু’জনেই চোখে জল আর মুখে হাসি নিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিলে। বলেছিলে, ‘এ বার আমরা জীবনের সেরা সময় কাটাব, কিয়ারা।’”

যশ এবং গীতুর এই প্রতিক্রিয়া তাঁকে গভীর ভাবে ছুঁয়ে গিয়েছিল বলে জানান কিয়ারা। অভিনেত্রীর কথায়, “তোমরা যে ভাবে আমার জন্য খুশি হয়েছিলে, তা আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি কোনও দিন সেটা ভুলব না। তোমরা বলেছিলে, ‘সেটে এসো, স্বচ্ছন্দে থাকো, যা খেতে ইচ্ছে হয় খাও। আর এ ভাবেই আমরা সেরা ছবিটা তৈরি করব।’ সত্যিই আমরা সেটা করতে পেরেছি।”

অভিনেত্রী স্পষ্ট করে দেন, অন্তঃসত্ত্বা হওয়ায় ছবির শুটিংয়ে কোনও প্রভাব পড়েনি। বরং প্রত্যেকেই তাঁর সঙ্গে সহযোগিতা করেছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন। দর্শকের প্রতিক্রিয়া নিয়েও আশাবাদী কিয়ারা। তিনি বলেন, “আশা করি, ২৬ অগস্ট আপনারা আমাদের ছবিটি দেখবেন, এর আবেগ, উন্মাদনা অনুভব করবেন এবং ছবিটি উপভোগ করবেন।”

‘টক্সিক’-এর বৃহত্তর ভাবনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর কথায়, “একটাই লক্ষ্য ছিল আমাদের। ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। দেশের সেরা শিল্পী এবং সেরা প্রযুক্তিবিদ্‌দের একত্রিত করে এই ছবিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

যশ ও কিয়ারার পাশাপাশি ‘টক্সিক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতার, হুমা কুরৈশী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।

Kiara Advani Yash

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy