Advertisement
E-Paper

গণেশ দর্শনে মধু, ৫০০ টাকা দান করতেই ‘বিপত্তি’! মুহূর্তে উধাও নোট, ভিডিয়ো প্রকাশ্যে আসতে হইচই

লালবাগচা রাজার দর্শনে গিয়ে প্রণামী হিসাবে ৫০০ টাকা দান করেন অভিনেত্রী মধু শাহ। তার পরের মুহূর্তেই দেখা যায় এক ব্যক্তি সেই টাকা সরিয়ে নিচ্ছেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩
প্রণামীতে ৫০০ টাকা দিয়েছিলেন মধু, কোথায় উধাও হয়ে গেল সেই নোট?

প্রণামীতে ৫০০ টাকা দিয়েছিলেন মধু, কোথায় উধাও হয়ে গেল সেই নোট? ছবি: সংগৃহীত।

গণেশপুজোর উদ্‌যাপন এখনও শেষ হয়নি। সেই উপলক্ষেই পুজো দিতে গিয়েছিলেন ‘রোজা’- খ্যাত অভিনেত্রী মধু শাহ। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানালেন। কিন্তু মুম্বইয়ের লালবাগচা রাজায় তাঁর গণেশ দর্শনের একটি মুহূর্তই এখন ঘুরছে সমাজমাধ্যমে। কারণ, ঈশ্বরের সামনে দান করা ৫০০ টাকার একটি নোটকে ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোমবার, ২১ সেপ্টেম্বর লালবাগচা রাজার মণ্ডপে গিয়েছিলেন মধু। ভিড়ের মধ্যেই তাঁকে দর্শন করতে এবং গণপতির আশীর্বাদ নিতে দেখা যায়। তারই মধ্যে ক্যামেরায় দেখা যায়, অভিনেত্রী ৫০০ টাকার একটি নোট প্রণামী হিসাবে দান করছেন। অভিনেত্রী তার পরেই ঘুরে অনুরাগীদের দিকে হাত নাড়তে ব্যস্ত। আর ঠিক সেই সময়েই সেই ৫০০ টাকাটি দ্রুত সরিয়ে নিতে দেখা যায় এক ব্যক্তিকে। শুধু তা-ই নয়, ভিডিয়ো দেখে অনেকের মত, নোটটি একটি কাপড়ের নীচে আড়াল করে দেওয়া হয়।

কোথায় গেল সেই নোট?

কোথায় গেল সেই নোট? ছবি: সংগৃহীত।

ব্যস! এই মুহূর্ত প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের প্রশ্ন— দানের টাকা এমন তড়িঘড়ি সরিয়ে নেওয়া হল কেন? কেনই বা সেটি চোখের আড়ালে চলে গেল? ভিডিয়োটির ওই কয়েক সেকেন্ড নিয়েই তৈরি হয়েছে নানা জল্পনা।

তবে ভিডিয়োকে কেন্দ্র করে যতই কৌতূহল তৈরি হোক না কেন, এই ঘটনার নেপথ্যের কোনও কারণ প্রকাশ্যে আসেনি। ওই ব্যক্তির পরিচয়ও স্পষ্ট নয়। তিনি লালবাগচা রাজা মণ্ডপের আয়োজক কমিটির সঙ্গে যুক্ত কি না, কিংবা দান সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা-ও জানা যায়নি। ফলে সমাজমাধ্যমে প্রশ্ন উঠলেও, ঘটনাটিকে ঘিরে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছোনোর মতো তথ্য এখনও নেই।

প্রসঙ্গত, ১৯৯১ সালে বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মধুর। তবে মণি রত্নমের ‘রোজা’ তাঁকে এনে দেয় বিপুল পরিচিতি। দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি মনোজ বাজপেয়ী, অদা শর্মাদের সঙ্গে ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়র’-এ দেখা গিয়েছে তাঁকে।

Madhoo Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy