ছবিশিকারিদের সঙ্গে তাপসী পন্নুর উত্তপ্ত বাক্যবিনিময় নতুন নয়। মুম্বইয়ে একাধিক বার ছবিশিকারিদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছে। সেই সূত্রেই নেটাগরিকের একাংশ তাঁকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে ডাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, এই তুলনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাক্ষাৎকারে তাপসী জানান, জয়ার সঙ্গে তুলনাকে তিনি প্রশংসা হিসাবেই গ্রহণ করেন। তিনি বলেন, “আমি এটাকে প্রশংসা হিসাবেই দেখি। আমি সবসময় ইতিবাচক দিকটাই দেখি। তিনি খুব ভাল অভিনেত্রী এবং অত্যন্ত দৃঢ়চেতা এক জন মহিলা। আমার সঙ্গে ওঁর তুলনা করে মানুষ আসলে আমার প্রতিই সদয় হচ্ছেন। সত্যি বলতে, আমি কিছুই পরোয়া করি না। আমি জানি, কখনও কারও দিকে চিৎকার করে কথা বলিনি। আমি মোটেই তেমন নই।”
তাপসী আরও বলেন, “আমি কাউকে গালিগালাজ করি না। আমার সীমারেখা খুব স্পষ্ট। আর যে মহিলার নিজের সীমারেখা পরিষ্কার, তাঁকে অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হয়। আসলে আমার কাছ থেকে একটু বেশি নরম এবং অতিরিক্ত ভদ্র আচরণ আশা করা হয়। অথচ উল্টে আমার উপরেই চিৎকার করে কথা বলা হয়। এটা আমার ভাল লাগে না।”
আরও পড়ুন:
ছবিশিকারিরা যে ভাবে তাঁর নাম ধরে চিৎকার করেন, সেই বিষয়টিও অপছন্দ করেন তাপসী। তাঁর কথায়, “বড় হওয়ার পরে বাবা-মা ছাড়া আর কেউ আমার উপর চিৎকার করে কথা বলেনি। অথচ ওঁরা বার বার ‘তাপসী, তাপসী, তাপসী’ বলে চিৎকার করেন। আপনি যদি আমার কাছেই দাঁড়িয়ে থাকেন, তা হলে চিৎকার করার কী দরকার? আমিও কখনও তাঁদের সঙ্গে এই সুরে কথা বলিনি। যদিও উচিত ছিল ওই সুরেই কথা বলার। তার পরেও যদি তাঁরা আমাকে রাগী বলেন, তা হলে হয়তো রাগ শব্দটার অর্থই তাঁরা জানেন না।”
তাপসী জানান, সত্যিই রেগে গেলে তিনি বরং চুপ করে যান। তাঁর কথায়, “আমি যখন সত্যিই রেগে যাই, তখন চুপ করে যাই। কথা বলা বন্ধ করে দিই এবং সেই ব্যক্তিকে যেন দেখতে পাই না সামনে। যাঁর উপর রেগে আছি, তাঁর সঙ্গে আমি কথা বলি না। আমি নিজেকে জানি। আমি সব সময়ে সম্মান দিয়েছি।”
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসীর ছবি ‘গান্ধারী’। সেই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সমাজমাধ্যমে।