অবশেষে অপেক্ষার অবসান। মন্নত-এর ছাদ থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ খান। ২ নভেম্বর ৬১ বছর পূর্ণ করলেন বলিউডের বাদশা। তাই রবিবার রাত বারোটা বাজার আগে থেকেই ভিড় জমেছিল মন্নত-এর সামনে। তারকাকে এক ঝলক দেখার অপেক্ষা করে ছিলেন ভক্তেরা। কিন্তু রাতে তিনি আসেননি। সোমবার সন্ধে গড়াতেই অনুরাগীদের সাধ মেটালেন তিনি। চেনা কায়দায় দু’হাত শূন্যে মেলে দিয়ে মুগ্ধ করলেন আরও এক বার।
সাদা রঙের টিশার্ট, ঢিলেঢালা ডেনিম প্যান্ট, চোখে চশমা, এই ভাবে আসেন শাহরুখ। বাদশাকে তাঁর জন্মদিনে দেখতে পেয়ে অপেক্ষারত দর্শক হইহই করে ওঠেন। উচ্ছ্বাসের শব্দ ছড়িয়ে পড়ে দিকে দিকে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভক্তদের সঙ্গে দেখা করেননি। ২০২৪ সালেও নিরাপত্তার কথা মাথায় রেখে ভক্তদের সঙ্গে দেখা করা থেকে বিরত ছিলেন তিনি। কিন্তু অবশেষে দু’বছরের অপেক্ষার পরে তিনি প্রকাশ্যে এলেন।
বর্তমানে সমুদ্রের ধারে অবস্থিত তাঁর বাড়ি মন্নত-এ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। জানা যাচ্ছে, সংস্কারের কারণে তিনি আপাতত সেখানে থাকছেন না। সেই কারণেই এ বার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ বলে শোনা যাচ্ছিল। গত বছরেও একই কারণেই নাকি মধ্যরাতে দেখা করেননি। তবে এ বার নিয়ম ভাঙলেন তিনি। মধ্যরাতে না হলেও, জন্মদিনের সন্ধ্যায় দেখা দিলেন শাহরুখ।
অবশেষে তিনি এলেন।
রবিবার রাতে ‘মন্নত’-এর বাইরে একটি বিশাল পর্দায় অনুরাগীদের জন্য তাঁর নিজের হাতে লেখা বিশেষ বার্তা প্রদর্শিত হয়। যাঁরা বাড়ির বাইরে এসেছিলেন, তাঁরা সকলেই সেই বার্তা দেখতে পান। এ ছাড়াও বাড়ির বাইরে শাহরুখের আগামী ছবি ‘কিং’-এর পোস্টারও দেখা গিয়েছে। নিজের বার্তায় শাহরুখ লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা ও ভালবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য আমার ভালবাসা পাঠালাম। অনেক ভালবাসা এবং একরাশ আলিঙ্গন।” বার্তার শেষে ছিল তাঁর স্বাক্ষর। প্রিয় তারকার কাছ থেকে জন্মদিনে এমন বিশেষ বার্তা পেয়ে খুশি হন অনুরাগীরা।
অনেকেই মনে করেছিলেন, এ বারও নিরাপত্তার কথা ভেবে আড়ালেই থাকবেন শাহরুখ। কিছু দিন আগেই টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় ত্রস্ত ছিল বলিউড। তার পরে হুমকি আসে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা উড়িয়ে দেওয়ার। দিলজীত দোসাঞ্ঝও রয়েছেন নিশানায়। এই অবস্থায় বলিউডের বহু তারকাই নিজেদের নিরাপত্তা জোরদার করেছেন। কিন্তু নিরপত্তার বিষয় না ভেবেই প্রকাশ্যে এলেন শাহরুখ।
২০২৪ সালেও বাবা সিদ্দীকীর মৃত্যুতে আতঙ্কে ছিল বলিউড। সেই বছর তাই ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। তবে এ বার নিরাপত্তা নিয়ে আর চিন্তা না করেই ভক্তদের প্রত্যাশা পূর্ণ করলেন তিনি। শেষ ২০২৩ সালে মন্নত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ। সেই বছর মুক্তি পেয়েছিল তাঁর তিনটি ছবি ‘পঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’।
পাশাপাশি রাত বারোটায় নিজের আসন্ন ছবি ‘কিং’-এর গান প্রকাশ্যে এনেও চমকে দিয়েছেন তিনি। ভক্তদের কথায়, “বাদশার জন্মদিনে ওঁর থেকেই উপহার পেলাম।” গানটির নাম ‘তু মিল জায়ে’। এই গানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনও। পর্দায় ফুটে উঠেছে শাহরুখ-দীপিকার সেই চেনা রোমান্স, সঙ্গে অ্যাকশনও।