Advertisement
E-Paper

শাহরুখের পাশাপাশি আপ্তসহায়কের জন্মদিনও ২ নভেম্বর! কী ভাবে পূজা ‘বাদশা’র ভরসা আদায় করলেন?

কীভাবে শাহরুখের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেন পূজা? শাহরুখের সঙ্গে কাজ শুরুর আগে কী করতেন তিনি? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৭:০৫
শাহরুখের আপ্তসহায়ক পূজারও জন্মদিন ২ নভেম্বর!

শাহরুখের আপ্তসহায়ক পূজারও জন্মদিন ২ নভেম্বর! ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের জন্মদিন মানেই সারা বিশ্ব জুড়ে হই হই ব্যাপার। ২ নভেম্বর ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। দেশ-বিদেশের অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় ভাসছেন বলিউডের ‘বাদশা’। তবে এই বিশেষ দিনে আরও এক জনের জন্মদিন। তিনি শাহরুখেরই দীর্ঘদিনের সঙ্গী, অভিনেতার পেশাগত জীবনের অন্যতম নির্ভরযোগ্য মানুষ, পূজা দদলানী। কর্মসূত্রে তিনি শাহরুখের আপ্তসহায়ক। তবে বলা ভাল, তিনি শাহরুখের ছায়াসঙ্গী। ‘বাদশা’র পরিবারেরও ঘনিষ্ঠ তিনি।

কিন্তু কী ভাবে শাহরুখের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলেন পূজা? শাহরুখের সঙ্গে কাজ শুরুর আগে কী করতেন তিনি? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত?

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। ঘটনাচক্রে, এই দিনেই জন্ম পূজার। তবে দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১৮ বছরের। শাহরুখের জন্ম ১৯৬৫ সালে, অন্য দিকে পূজার জন্মসাল ১৯৮৩ বলে জানা যায়। অর্থাৎ, চলতি বছর শাহরুখের ৬২তম জন্মদিনে পূজার ৪৪তম জন্মদিন।

একই দিনে দু’জনের জন্মদিন।

একই দিনে দু’জনের জন্মদিন।

২০১২ সাল থেকে শাহরুখের আপ্তসহায়ক হিসাবে কাজ করছেন পূজা। এক দশকেরও বেশি সময় ধরে অভিনেতার পেশাগত জীবনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শাহরুখের ছবির কাজ, বিজ্ঞাপনের চুক্তি, বিভিন্ন অনুষ্ঠান এবং ব্যবসায়িক কাজকর্মের দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে। শুধু অভিনেতার কাজের সময়সূচি সামলানো নয়, শাহরুখের প্রযোজনা সংস্থা এবং কলকাতা নাইট রাইডার্সের মতো ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও যুক্ত তিনি।

একই দিনে জন্মদিন হওয়ায় প্রশ্ন ওঠে, প্রতি বছর কি শাহরুখের সঙ্গেই বিশেষ দিনটি উদ্‌যাপন করেন পূজা? শাহরুখের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং খান পরিবারের সঙ্গে সুসম্পর্কের কথা অজানা নয়। তবে প্রতি বছর তাঁরা একসঙ্গে জন্মদিন পালন করেন কি না, তা কখনও প্রকাশ্যে আসেনি।

গৌরীর সঙ্গেও সুসম্পর্ক পূজার।

গৌরীর সঙ্গেও সুসম্পর্ক পূজার।

শাহরুখের আপ্তসহায়ক হওয়ার আগে থেকেই বিনোদন জগতে কাজের অভিজ্ঞতা ছিল পূজার। বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফরাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির সময়ে দীপিকার আপ্তসহায়কের কাজ করেছিলেন পূজা। পরবর্তী সময়ে শাহরুখের সঙ্গে যুক্ত হন তিনি।

গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন পূজা। পেশাগত জীবনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তার পরে শাহরুখের মতো তারকার কাজের দায়িত্ব সামলানোর সুযোগ আসে। দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করতে করতে অভিনেতার পেশাগত পরিসরের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন পূজা।

শাহরুখের সঙ্গে পূজার সম্পর্ক যে কেবল কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। অভিনেতার স্ত্রী গৌরী খান এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। ২০২১ সালে আরিয়ান খানের মাদক মামলাকে ঘিরে বিতর্কের সময়েও শাহরুখের পরিবারের পাশে দেখা গিয়েছিল পূজাকে। সেই সময়ে আদালত চত্বরে তাঁর উপস্থিতি সংবাদমাধ্যমের নজর কেড়েছিল।

শাহরুখের ছায়াসঙ্গীও বলা হয় পূজাকে।

শাহরুখের ছায়াসঙ্গীও বলা হয় পূজাকে।

শাহরুখের আপ্তসহায়ক হিসাবে পূজার উপার্জন নিয়েও কৌতূহল রয়েছে মানুষের। শোনা যায়, তাঁর বার্ষিক আয় প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি টাকা বলেও বিভিন্ন সূত্রের খবর।

চলতি বছরেও সম্পত্তি কেনার খবরের শিরোনামে এসেছেন পূজা। মুম্বইয়ের বান্দ্রায় প্রায় ৩৮.২১ কোটি টাকা মূল্যের তিনটি আবাসন কিনেছেন তিনি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ ভাবে।

শাহরুখের কাজের জগতে পূজার গুরুত্ব যে ক্রমশ বেড়েছে, তা তাঁর দীর্ঘ কর্মজীবনই প্রমাণ করে। পর্দার সামনে থাকেন না তিনি, কিন্তু পর্দার বাইরের এই ব্যস্ত জগতে তাঁর ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়।

Shah Rukh Khan Pooja Dadlani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy