কলকাতায় ‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মুখ ফসকে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা রণবীর কপূর। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। তবে তাতেও বিতর্ক থামেনি। এরই মধ্যে স্বামীর পাশে দাঁড়ালেন আলিয়া ভট্ট।
রণবীরের হয়ে সমাজমাধ্যমে এক অনুরাগী একটি পোস্ট করেন। সেই পোস্ট লাইক করে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন আলিয়া।
কিছু দিন আগেই টাইগার শ্রফের উপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আতঙ্ক বলিউড তারকারা। খবর ছড়িয়েছে, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন রণবীরও। তাঁর অনুরাগীর মতে, এই আতঙ্কের মাঝে পেশাগত দায়বদ্ধতার কথা মাথায় রেখে অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আরও পড়ুন:
রণবীরের অনুরাগী অভিনেতাকে নিয়ে কটাক্ষ করার আগে তাঁর মানসিক অবস্থার কথা ভাবার আবেদন জানিয়েছেন। যাঁরা তাঁর মন্তব্যের জন্য ক্রমাগত ক্ষমা চাওয়ার দাবি তুলছেন, তাঁদের উদ্দেশে ওই অনুরাগী বলেন, “সমালোচনা করার আগে সহমর্মী হওয়া প্রয়োজন।” আরও দাবি করেন, “কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হচ্ছে, তা না জেনে বিচার করা উচিত নয়।”
এই স্টোরিতে আলিয়ার ‘লাইক’ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, বিতর্কের আবহে স্বামীর পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ করেছেন অভিনেত্রী। যদিও আলিয়া নিজে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
আরও পড়ুন:
কিন্তু ঠিক কোন মন্তব্যের জন্য বিপাকে রণবীর? অভিনেতার দাবি তিনি মুখ ফসকে বলেছিলেন, “অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শেষপর্যন্ত সত্য ও ভালরই বিনাশ ঘটে।” বিষয়টি নিতান্তই ভুলবশত বলেছেন বলে দাবি অভিনেতার। তাই প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি। হাসতে হাসতেই নিজের ছবি ‘রকস্টার’-এর গানের সংলাপ বলেন তিনি, “জো ভী ম্যায়ঁ কহনা চাহুঁ, বরবাদ করে অলফাজ় মেরে।” তবে রণবীরের অনুরাগীদের মতে, অভিনেতার ওই মন্তব্য তাঁরা খেয়ালই করেননি। মুখ ফসকে বললেও তাঁর আসল উদ্দেশ্য সকলের কাছে স্পষ্টই ছিল।