Advertisement
E-Paper

বিশ্নোই-ত্রাসে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সলমন-ঘনিষ্ঠেরা? কাদের নিরাপত্তা আরও জোরদার করা হল

অভিনেতা সলমন খানের সঙ্গে কাজ করেন যাঁরা, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একটি হুমকিবার্তায় এমনই দাবি করা হয়েছে। ওই বার্তার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১২:৩৫
সলমনের নিরাপত্তাও জোরদার করা হল!

সলমনের নিরাপত্তাও জোরদার করা হল! ছবি: সংগৃহীত।

রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। এ বার অভিনেতা সলমন খানের সঙ্গে কাজ করেন যাঁরা, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একটি হুমকিবার্তায় এমনই দাবি করা হয়েছে। ওই বার্তার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলিউডের অন্দরে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না অনেকেই। প্রকাশ্যে যাতায়াতের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছেন তারকারা।

সলমনের সঙ্গে কাজ করেছেন, এমন দুই অভিনেত্রীও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, হুমকির জেরে তাঁরাও দুষ্কৃতীদের নিশানায় চলে আসতে পারেন। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে সূত্র। টাইগারের সঙ্গে কাজ করেছেন, এমন এক পঞ্চাশোর্ধ্ব অভিনেতাও জানিয়েছেন, তাঁর পরিবার তাঁকে বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেতার কথায়, “পরিবারের লোকজন আমাকে যতটা সম্ভব বাড়িতেই থাকতে বলেছেন। এমনকি, গাড়িটাকে বুলেটপ্রুফ করানোর কথাও ভাবনাচিন্তা করছি আমরা।”

টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর তারকাদের বিভিন্ন কর্মসূচিতেও প্রভাব পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে একের পর এক কর্মসূচি বাতিল হয়েছে তাঁদের। বিমানবন্দরে তারকাদের যাতায়াতের খবর সংগ্রহ করেন যাঁরা, তাঁদেরও কর্মসূচিতে প্রভাব পড়ছে। এক ছবিশিকারির কথায়, “অনেক তারকার প্রকাশ্যে আসার খবর আমাদের কাছে ছিল। কিন্তু টাইগারের উপর গুলি চালানোর ঘটনার পর বেশ কয়েক জন তারকার আপ্তসহায়ক ফোন করে বিমানবন্দরে আসা-যাওয়া-সহ অন্যান্য কর্মসূচি বাতিল করতে বলেছেন। পরিস্থিতিটা কেমন যেন অদ্ভুত।”

এ দিকে, ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর মঙ্গলবার একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল জ্যাকী শ্রফকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুনীল শেট্টীও। টাইগার নিরাপদে রয়েছেন জেনে স্বস্তি প্রকাশ করলেও ঘটনায় যে তিনি স্তম্ভিত, তা স্পষ্ট করে দেন সুনীল। হামলায় টাইগারের গাড়িচালক আহত হয়েছেন বলেও জানান তিনি।

সুনীল বলেন, “সারা পৃথিবীর মানুষ টাইগার আর জ্যাকী দাদাকে ভালবাসে। তাঁদের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তা হলে যে কারও সঙ্গেই ঘটতে পারে। এমনটা হওয়া উচিত ছিল না।”

বিনোদনজগতের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতা রাকেশ বেদী বলেছেন, “শিল্পী, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী— আমরা প্রত্যেকেই যেন এখন নিশানায়। আমাদের নিরাপত্তার বিষয়টি সরকারের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।” তাঁর মতে, শিল্পীদের কাজের পরিবেশ এমন হওয়া উচিত, যেখানে নিরাপত্তাহীনতার ভয়ে তাঁদের ঘরবন্দি হয়ে থাকতে হবে না।

উল্লেখ্য, টাইগার শ্রফ, সলমন খান, আমির খান এবং পরিচালক রোহিত শেট্টীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সলমনের নিরাপত্তার ব্যবস্থা আগে থেকেই জোরদার ছিল। তাঁর জন্য রয়েছে ওয়াই প্লাস শ্রেণির নিরাপত্তা, যেখানে মুম্বই পুলিশের ১১-১২ জন কর্মী এবং সশস্ত্র কম্যান্ডো মোতায়েন থাকেন বলে খবর। এ বার বান্দ্রায় সলমনের বাড়ির বাইরে নজরদারির জন্য অতিরিক্ত একটি পুলিশের গাড়িও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আমির খানের বাড়ির আশপাশেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Tiger Shroff Salman Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy