Advertisement
E-Paper

‘দিনের প্রথম শোয়ের আয়কেও ছাপিয়ে যায় তারকার ব্যক্তিগত খরচ!’ অমীষা পটেলের নিশানায় বলিনায়িকারা?

এ বার সরব অমীষা পটেল। নাম না করে তারকাদের বিপুল দলবল ও প্রযোজকের খরচে প্রচারের সংস্কৃতি নিয়ে বিঁধলেন নায়িকা। সঙ্গে বেছে বেছে ভাল ছবি করার ইচ্ছার কথাও জানালেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫
অমীষার নিশানায় বলিনায়িকারা?

অমীষার নিশানায় বলিনায়িকারা? ছবি: সংগৃহীত।

তারকাদের জৌলুসের সঙ্গে কি পাল্লা দিচ্ছে তাঁদের সঙ্গে থাকা লোকবলের বহরও? ছবি প্রচারের সময় অভিনেতা-অভিনেত্রীদের আপ্তসহায়কদের বহর নিয়ে এ বার সরব অমীষা পটেল। সমাজমাধ্যমে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁর মন্তব্য, প্রযোজকের খরচে ছবির প্রচারে যে বিপুল লোকজনকে সঙ্গে নিয়ে ঘোরেন কিছু অভিনেত্রী, তাঁদের সেই খরচের বহর অনেক সময় ছবির প্রথম দিনের ব্যবসাকেও ছাপিয়ে যায়!

কোনও অভিনেত্রীর নাম অবশ্য নেননি অমীষা। তাঁর বক্তব্য, অনেক অভিনেত্রীই নিজেদের জনপ্রিয়তার বাস্তব চিত্র বুঝতে চান না। ছবির প্রচারের সময় প্রযোজকের পয়সায় যে বিশাল দলবল নিয়ে তাঁরা ঘোরেন, সেই একই বহর ব্যক্তিগত জীবনেও নিজেদের খরচে রাখতে পারবেন কি না, সেই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী।

প্রকাশ্যে অমীষার কথোপকথন।

প্রকাশ্যে অমীষার কথোপকথন। ছবি: সংগৃহীত।

তবে এখানেই থামেননি ‘গদর’-খ্যাত নায়িকা। নতুন কোনও ছবিতে তাঁকে দেখা যাবে কি না, এক অনুরাগীর সেই প্রশ্নের জবাবেও বেশ কড়া মন্তব্য করেছেন অমীষা। তাঁর কথায়, একই সঙ্গে দু’টি ছবি করার মতো প্রস্তাব কিংবা মুক্তির প্রথম দিন থেকেই নামমাত্র টিকিটের দামে চলা ছবিতে তিনি আর অভিনয় করতে চান না। কয়েক বছর অন্তর এমন একটি ছবি করতে চান, যা বক্সঅফিসে বড়সড় সাড়া ফেলবে। শুধুমাত্র সংখ্যার খাতিরে ছবিতে কাজ করার পক্ষপাতী নন তিনি।

অমীষার শেষ ছবি ‘তৌবা তেরা জলওয়া’, মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। তবে তাঁর অভিনয়জীবনের শেষ বড় সাফল্য এখনও ‘গদর ২’। সনী দেওলের সঙ্গে সেই ছবিতে আবার সাকিনার চরিত্রে ফিরেছিলেন অমীষা। ছবিটি বক্সঅফিসে বিপুল ব্যবসা করেছিল।

এখনও নিজের পরবর্তী ছবির ঘোষণা করেননি অভিনেত্রী। তার মধ্যেই সমাজমাধ্যমে একের পর এক স্পষ্ট মন্তব্যে ফের আলোচনায় অমীষা। নাম না নিয়েও বলিউডের তারকাদের কাজের ধরন, প্রচারের খরচ এবং ছবি বাছাই নিয়ে তাঁর বক্তব্য যে বেশ কিছু প্রশ্ন তুলে দিল, তা বলাই যায়।

Bollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy