Advertisement
E-Paper

কাচের বাক্স থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ! জলসা উড়িয়ে দেওয়ার হুমকির জেরেই এই ব‍্যবস্থা?

প্রতি রবিবারই বাড়ি জলসার বাইরে ভিড় জমান অনুরাগীরা। তাঁদের সঙ্গে দেখা করে হাত নাড়েন বলিউডের শাহেনশা। তবে এ বার সেই চেনা ছবিতে যোগ হল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ২০:৩২
কড়া নিরাপত্তায় অমিতাভ!

কড়া নিরাপত্তায় অমিতাভ! ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে নিজের বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে অমিতাভ বচ্চনের। প্রতি রবিবারই বাড়ি জলসার বাইরে ভিড় জমান অনুরাগীরা। তাঁদের সঙ্গে দেখা করে হাত নাড়েন বলিউডের শাহেনশা। তবে এ বার সেই চেনা ছবিতে যোগ হল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। রবিবার বাড়ির বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ। তাঁকে ঘিরে রেখেছিল কাচের বুলেটপ্রুফ আবরণ।

প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটি থেকে উঁচু একটি মঞ্চে উঠে দাঁড়িয়েছেন অভিনেতা। মঞ্চের চারপাশে বসানো হয়েছে কাচের সুরক্ষাকবচ। সেটি বুলেটপ্রুফ বলে জানা গিয়েছে। সেই আবরণের ভিতরে দাঁড়িয়েই বাইরে অপেক্ষারত অনুরাগীদের দিকে হাত নাড়েন অমিতাভ। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

এ দিন বাবার সঙ্গেই ছিলেন ছেলে অভিষেক বচ্চন। অমিতাভের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুম্বই পুলিশের কর্মীরাও। ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তাঁদের ভিড় সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু হঠাৎ কেন এই বাড়তি নিরাপত্তা? সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির তরফে একটি ই-মেল পাঠানোর খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর মুম্বই পুলিশের কাছে এই ই-মেল সম্পর্কে তথ্য আসে। দিলজীতের অনুষ্ঠানেও হামলা চালানোর হুমকি আসে। এর পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সেই ঘটনার পরেই অমিতাভের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয় বলে জানা যাচ্ছে ।

অন্য দিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও কিছু কথা বলেছিলেন অভিনেতা। নিয়মিত নিজের ব্লগ ও সমাজমাধ্যমে নানা বিষয়ে লেখেন তিনি। তবে কিছু দিন আগে জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে নিয়মিত কাজকর্ম ও সমাজমাধ‍্যম থেকে কিছুটা বিরতি নিয়ে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন।

নিজের ব্লগে সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গে অমিতাভ লেখেন, “এখনও আরও বিশ্রাম প্রয়োজন। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবছি, মানুষের শরীর কতটা বিচিত্র এবং প্রত্যেকের শরীরের গঠন কতটাই না আলাদা।”

Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy