নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নানা রকমের আলোচনা হচ্ছে। বিতর্কও কম হয়নি। এ বার সেই বিতর্কে নতুন করে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কপূর। বিশেষ করে সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, ছবির ভাবনাতেও সন্দেহ প্রকাশ করেছেন।
ছবিটি এখন কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট জানা নেই অন্নুর। এমনকি ছবিটি মুক্তি পেয়ে গিয়েছে কি না, তা-ও তিনি জানেন না। এর পরেই সীতার চরিত্রে সাই পল্লবীকে নেওয়া নিয়ে আপত্তি জানান অভিনেতা। অন্নুর কথায়, “সীতার চরিত্রে কাকে নেওয়া হচ্ছে, সেটা ভেবে দেখা উচিত। মা সীতাকে এ দেশের মানুষ দেবীর আসনে বসিয়ে পূজা করেন। রামকে ভগবান নারায়ণের অবতার হিসাবে মানেন। তাই এই কাস্টিং নিয়ে সত্যিই প্রশ্ন আছে। আগে ছবিটি মুক্তি পাক।”
এখানেই শেষ নয়। অন্নুর মতে, এই ছবিতে নাকি নতুন কিছুই দেখানো হবে না। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-কেই আরও আধুনিক প্রযুক্তি এবং বড় আকারে তুলে ধরা হবে কেবল। তিনি বলেন, “যা-ই তৈরি করা হোক না কেন, শেষ পর্যন্ত রামানন্দ সাগরের ‘রামায়ণ’-কেই প্রযুক্তির মাধ্যমে বড় আকারে তুলে ধরা হবে। এর বাইরে আর নতুন কী-ই বা দেখানো সম্ভব?”
আরও পড়ুন:
সম্প্রতি এক অনুষ্ঠানে সীতার চরিত্রে অভিনয় নিয়ে কথা বলেছেন সাই পল্লবী। এই চরিত্রের জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করার কথাও জানান সাই। তাঁর কথায়, “শুটিংয়ের সময় অন্তত নিজের চিন্তাভাবনাকে যতটা সম্ভব পবিত্র রাখার চেষ্টা করেছি। নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছি, যাতে আমার সেরাটাই পর্দায় ফুটে ওঠে।”
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে একাধিক তারকাকে। রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। সীতার চরিত্রে সাই পল্লবী। রাবণের ভূমিকায় যশ এবং হনুমানের চরিত্রে সনী দেওল। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত। শূর্পণখার চরিত্রে রকুল প্রীত সিংহ। মন্দোদরীর ভূমিকায় কাজল অগ্রবাল এবং দশরথের চরিত্রে অরুণ গোভিলকে দেখা যাবে। এ ছাড়াও ছবিতে অভিনয় করছেন বিবেক ওবেরয়, কুণাল কপূর এবং মোহিত রায়না।
উল্লেখ্য, প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। এটি ভারতের অন্যতম ব্যয়বহুল ছবি। ছবিটি দু’টি ভাগে মুক্তি পাওয়ার কথা। ছবির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালে।