স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। প্রয়াত পরিচালক কুকু কোহলীর প্রার্থনাসভায় এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী অরুণা ইরানী। মুম্বইয়ে আয়োজিত সেই স্মরণসভা থেকে একাধিক ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চোখের জল সামলাতে পারছেন না অভিনেত্রী। কঠিন সেই সময়ে তাঁকে ঘিরে ছিলেন পরিবারের সদস্য এবং পরিজনেরা।
সাদা পোশাকে, মাথায় ওড়না দিয়ে প্রার্থনাসভায় পৌঁছোন অরুণা। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠেরা। চোখের জল মুছতেও দেখা যায় তাঁকে। পাশে থাকা স্বজনেরা অবশ্য পুরো সময়টুকুই আগলে রেখেছিলেন অভিনেত্রীকে।
গম্ভীর পরিবেশে কুকু কোহলীকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন তাঁর পরিবারের সদস্য, বন্ধু এবং চলচ্চিত্রজগতের ঘনিষ্ঠেরা। অনুষ্ঠানে উপস্থিত অনেকের পোশাকেও ছিল শোকের ছাপ— সাদা কিংবা হালকা রঙের পোশাকেই দেখা গিয়েছে তাঁদের।
আরও পড়ুন:
গত ২৫ অগস্ট মুম্বইয়ে প্রয়াত হন কুকু কোহলী। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হিন্দি চলচ্চিত্রমহলে। কুকু কোহলীর কাজ এবং হিন্দি সিনেমায় তাঁর অবদানের কথা স্মরণ করে একাধিক অভিনেতা ও পরিচালক শোকপ্রকাশ করেন। সমবেদনা জানান অরুণা এবং তাঁর পরিবারের প্রতিও।
মৃত্যুর পরের দিনই কুকুর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেও স্বামীকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগ সামলাতে পারেননি অরুণা। প্রার্থনাসভার সাম্প্রতিক ভিডিয়োগুলিতে ফের ধরা পড়ল সেই শোকের ছবি।
হিন্দি ছবির ইতিহাসে কুকু কোহলীর নাম বিশেষ ভাবে স্মরণীয় ১৯৯১ সালের ‘ফুল অউর কাঁটে’-র জন্য। এই ছবির মাধ্যমেই নায়ক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অজয় দেবগণ। ছবিটি বক্সঅফিসে বড় সাফল্য পায় এবং অল্প সময়ের মধ্যেই নতুন তারকা হিসাবে প্রতিষ্ঠা পেতে শুরু করেন অজয়।
কুকুর প্রয়াণের পর অজয়কেও দেখা যায় তাঁর স্মরণসভায়। নিজের অভিনয়জীবনের শুরুর সময়ে কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্বীকার করেছেন অভিনেতা। উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কইফ, ভিকি কৌশলও।
কুকু এবং অরুণা দীর্ঘ কয়েক দশক একসঙ্গে ছিলেন। তাঁদের সম্পর্ক এবং দাম্পত্য নিয়ে অতীতেও খোলামেলা কথা বলেছেন অরুণা। একসঙ্গে কাটানো বহু বছরের স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি।
সঙ্গীর চলে যাওয়ার শোক বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। প্রার্থনাসভায় তাঁকে ঘিরে থাকা পরিবারের সদস্যদের ছবিই যেন বলে দিল, এই কঠিন সময়ে অরুণার পাশে রয়েছে তাঁর আপনজনেরা।