সদ্য বলিউডে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন আরিয়ান খান। তাঁর পরিচালিত প্রথম সিরিজ় ‘ব্যাড্স অফ বলিউড’ বেশ প্রশংসিত। তবে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। অনেকের অভিযোগ, তিনি নাকি হাসেন না। নিজের সিরিজ়ের দৌলতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে। একসঙ্গে থাকলে হাসিমজায় মাতেন। রাঘবের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গেল আরিয়ানকে। সেখানেই ঘটল সাংঘাতিক কাণ্ড।
আরও পড়ুন:
মু্ম্বইয়ের এক রেস্তরাঁয় নিজের জন্মদিন উপলক্ষে বড়সড়ো পার্টির আয়োজন করেন রাঘব। এই পার্টিতে যেমন আরিয়ানকে দেখা গিয়েছে, তেমনই উপস্থিত ছিলেন অভিনেত্রী শাহনাজ় গিলও। তাঁদের দেখে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষ ও ছবিশিকারিদের মধ্যে। প্রেমের গুঞ্জনের মাঝে রাঘব ও শাহনাজ়কে হাতে হাত ধরে বার হতে দেখে ছবি তোলার হিড়িক পড়ে যায়। শুধু তা-ই নয়, আরিয়ানের ছবি তোলার জন্যও দেখা যায় একই উন্মাদনা। শুরু হয় ঠেলাঠেলি। সেখানেই ঘটল এক কাণ্ড। শাহরুখ-পুত্রকে আড়াল করতে গিয়ে প্রবল ভিড়ের ঠেলায় পড়ে যান এক দেহরক্ষীই। উল্টে তাঁকেই তড়িঘড়ি তুলতে সাহায্য করেন তারকাপুত্র নিজেই।
এখানেই শেষ নয়। লিফ্টে ওঠার সময়েও আরিয়ানের মুখে বার বার আলো ফেলতে থাকেন ছবিশিকারিরা। প্রচণ্ড ভিড়ে ঠাসা লিফ্টেও প্রায় চিঁড়েচ্যাপটা হওয়ার মতো অবস্থা। তারও একেবারে পিছনে চলে যান আরিয়ান। সামনে দেহরক্ষীদের ভিড়। সেখানেও নিস্তার পাননি। ক্যামেরা থেকে বাঁচতে আচমকা লিফ্টের মেঝেতেই বসে পড়েন আরিয়ান, যাতে তাঁকে কেউ দেখতে না পায়। অত লোকের মধ্যেও কয়েক ঝলক দেখা যায় পরিচালককে।
রাঘব ও শাহনাজ়কে নিয়েও একই ধরনের উন্মাদনা দেখা যায়। শাহনাজ়কে কোনওমতে গাড়িতে তোলেন রাঘব। এর পর থেকেই তাঁদের প্রেমের জল্পনা তীব্রতর। তা হলে কি রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন শাহনাজ়? যদিও প্রতিবারই সম্পর্কের কথা এড়িয়ে গিয়েছেন শাহনাজ়। তাঁদের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাঘব সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সহ-অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানো স্বাভাবিক ব্যপার। কিন্তু আমরা প্রেম করছি না। আমি এখন ‘সিঙ্গল’। আমি এখন আমার কাজকে বিয়ে করেছি। আপাতত আমি একাই থাকতে চাই। সম্পর্কে থাকার কোনও পরিকল্পনা নেই এখন।” সলমন খানের ‘কিসী কা ভাই কিসী কী জান’ ছবির প্রচারের সময় থেকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায়। এর পরে শাহনাজ় ও রাঘব একসঙ্গে বদ্রীনাথ বেড়াতে গিয়েছিলেন।