৫ জুলাই ধুমধাম করে তৃতীয় বার বিয়ে করেন আমির খান। গৌরী স্প্র্যাটের সঙ্গে গত বছর সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁকেই বিয়ে করেছেন আমির। এ বার অভিনেতার বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ আনল বজরং দল।
বিহারের ফারবিসগঞ্জ এলাকায় সম্প্রতি বজরং দলের সদস্যেরা আমির খানের তৃতীয় বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁরা বলিউড তারকার কুশপুতুল পোড়ান এবং তাঁর বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ তোলেন। বিক্ষোভের সময়ে ‘আমির খান মুর্দাবাদ’ এবং ‘ভারত ছাড়ো’ স্লোগানও দেওয়া হয়। বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে বলেছেন, “আমির খান বার বার হিন্দু পরিবারের মেয়েদের বিয়ে করছেন। এর মাধ্যমে তিনি হিন্দু সমাজকে অপমান করছেন।”
মনোজ সোনি আরও অভিযোগ করেন, এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। আমির বিয়ে করে হিন্দুসমাজকে দুর্বল করার চেষ্টা করছেন। তিনি সুর চড়িয়ে আরও বলেন, “আমির যদি খুব তাড়াতাড়ি এ সব কাজ বন্ধ না করেন, তা হলে তাঁকে শিক্ষা দেওয়া হবে।”
একটি ভিডিয়োয় মনোজ সোনিকে বলতে শোনা যায়, “হিন্দু মেয়েকে বিয়ে করে সন্তানদের নাম রাখে তৈমুর, আফরোজ়, সলমন। এটা কেমন নিয়ম? মুসলিমসমাজের মেয়ে বা বউদের প্রতি তাঁদের ভালবাসা হয় না কেন? শুধু হিন্দু মেয়েদেরই কেন ভালবাসেন?” তিনি আদালত ও সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান। তাঁর অভিযোগ, অভিনেতা দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে প্রথম বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এর পরে ২০০৫ সালে তিনি নিজের সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়। সম্প্রতি আমির খান মুম্বইয়ের নিজের বাড়িতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন।