দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন। শুক্রবার দুপুরে রণবীর সিংহের সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল অভিনেত্রীকে। সন্তানের জন্মের আগে আশীর্বাদ নিতেই এই মন্দির দর্শন বলে মনে করা হচ্ছে। হবু বাবা-মাকে হাত ধরে মন্দিরে চত্বরে যেতে দেখা যায়।
দীপিকার পরনে ছিল ভারী কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ওড়না এবং বেগনি রঙের পাজামা। খোঁপায় জড়িয়েছিলেন গজরা। অন্য দিকে, রণবীরের পরনে ছিল বেগনি রঙের কুর্তা এবং সাদা পাজামা। মন্দিরে যাওয়ার পথে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন দু’জনেই। রণবীরের বাবা জগজিৎ সিংহ ভবনানী এবং মা অঞ্জু ভবনানীকেও এ দিন মন্দিরে দেখা যায়। দীপিকা-রণবীরের মন্দিরে যাওয়া দেখেই অনুরাগীদের অনুমান, খুব শীঘ্রই দ্বিতীয় সম্তান ভূমিষ্ঠ হতে চলেছে।
২০২৪ সালেও কন্যা দুয়ার জন্মের ঠিক আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। ৬ সেপ্টেম্বর মন্দিরে পুজো দেওয়ার দু’দিন পরে অর্থাৎ ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দীপিকা ও রণবীরের কন্যা দুয়ার। ছবি: সংগৃহীত।
মেয়ে দুয়ার জন্মের পরে কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছেন দীপিকা। ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধবেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের মেয়ে সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অনিল কপূর, জ্যাকি শ্রফ, অভয় বর্মা, অভিষেক বচ্চন, অরশদ ওয়ারসী এবং জয়দীপ অহলাওয়তও রয়েছেন। এর পরে অ্যাটলীর পরিচালনায় ‘রাকা’ ছবিতেও দেখা যাবে দীপিকাকে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অল্লু অর্জুন।
আরও পড়ুন:
অন্য দিকে, রণবীরকে শেষ দেখা গিয়েছে ২০২৫ সালের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। এ বার তাঁর হাতে রয়েছে ‘প্রলয়’। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মাঝে ফরহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবির জন্য আইনি জটেও জড়িয়েছিলেন তিনি। তবে সন্তান হওয়ার পরে তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে শোনা যাচ্ছে।