Advertisement
E-Paper

নাজিরায় আটকে রয়েছেন তাঁর মা, বন্যায় বিধ্বস্ত অসম, কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন অভিনেত্রী দেবলীনার

সম্প্রতি এক ফেসবুক লাইভে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দেবলীনা। কাঁপা গলায় জানান, তাঁর মা এখনও বন্যাকবলিত নাজিরায় আটকে রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ২০:৫১
কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা!

কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা! ছবি: সংগৃহীত।

অসমের ভয়াবহ বন্যার খবরে উদ্বিগ্ন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। নিজের রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণের আবেদন জানাচ্ছিলেন তিনি। কিন্তু নিজের মায়ের দুর্দশার কথা বলতে গিয়ে আর চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।

সম্প্রতি এক ফেসবুক লাইভে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দেবলীনা। কাঁপা গলায় জানান, তাঁর মা এখনও বন্যাকবলিত নাজিরায় আটকে রয়েছেন। পরিবারের অন্য সদস্যেরাও বন্যার জেরে বিপর্যয়ের সম্মুখীন।

ভিডিয়োয় কান্না সামলে দেবলীনা বলেন, ‘‘আমি খুব দুঃখিত। এই কারণেই এত দিন কোনও ভিডিয়ো করতে পারিনি। জানতাম, কথা বলতে গেলেই ভেঙে পড়ব।’’ অসমের শিবসাগর ও নাজিরার সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথাও জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি সেখানেই বড় হয়েছি। আমার জন্ম, পড়াশোনা— সব কিছুই ওই জায়গায়। দুর্ভাগ্যবশত, আমার মা এখনও নাজিরাতেই আটকে রয়েছেন।’’

দেবলীনা জানান, ঈশ্বরের কৃপায় তাঁদের পুরনো বাড়িটি পুরোপুরি জলের তলায় যায়নি। তবে পরিবারের অন্যদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তাঁর ঠাকুমা ও মাসির বাড়ি সম্পূর্ণ ডুবে গিয়েছে। আবেগ সামলে তিনি বলেন, ‘‘সব শেষ হয়ে গিয়েছে। আর কিছুই বাকি নেই। ভিডিয়োগুলিতে যেমন দেখতে পাচ্ছেন, সেখানে সত্যিই কিছু অবশিষ্ট নেই।’’

অসমের মানুষের জন্য ইতিমধ্যেই ত্রাণ সংগ্রহের কাজে সক্রিয় হয়েছেন দেবলীনা। তাঁর সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে, প্রয়োজনীয় সামগ্রীবোঝাই একটি ট্রাক দুর্গত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছে। অনুরাগীদেরও তিনি নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।

এ দিকে, অসম সরকারের পক্ষ থেকেও বন্যাদুর্গতদের জন্য আর্থিক সাহায্য শুরু হয়েছে। চলতি বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রথম দফায় প্রায় ১৬০ কোটি টাকার অন্তর্বর্তী ত্রাণ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭৫ হাজারেরও বেশি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। বন্যায় এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের এই সময়ে দেবলীনার মতো অনেকেই অসমের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

Bollywood Actress Assam flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy