Advertisement
E-Paper

অসমের বন্যাবিধ্বস্তদের রেশন তুলে দিলেন রণদীপ, পরিবেশন করলেন খাবার! অনুরাগীদের কাছে কী অনুরোধ?

অসমের শিবসাগর রেলস্টেশনে আশ্রয় নেওয়া বন্যাবিধ্বস্ত পরিবারগুলির জন্য আয়োজিত লঙ্গর পরিষেবায় যোগ দেন অভিনেতা রণদীপ হুড্ডা। সকলকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১৪:০১
দুর্গতদের পাশে রণদীপ হুড্ডা।

দুর্গতদের পাশে রণদীপ হুড্ডা। ছবি: সংগৃহীত।

অসমের ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে শনিবার শিবসাগরে পৌঁছোলেন অভিনেতা রণদীপ হুড্ডা। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দেন। বন্যাকবলিত পরিবারের হাতে রেশনের সামগ্রী-সহ নানা প্রয়োজনীয় জিনিস তুলে দেন। পাশাপাশি, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আবেদনও জানান অভিনেতা।

ত্রাণ কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি শিবসাগরের গুরুদ্বার সাহিবে গিয়ে প্রার্থনাও করেন রণদীপ। অসমের বন্যাদুর্গত মানুষের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেন তিনি। এর পরে শিবসাগর রেলস্টেশনে আশ্রয় নেওয়া বন্যাবিধ্বস্ত পরিবারগুলির জন্য আয়োজিত লঙ্গর পরিষেবায় যোগ দেন অভিনেতা। স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁকে।

সংবাদমাধ্যমকে রণদীপ বলেন, “আশপাশের এলাকা থেকে বহু ক্ষতিগ্রস্ত পরিবার এই শিবসাগর রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন। গত সাত দিন ধরে আমরা নিয়মিত তাঁদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই। বহু বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করছি। শুধু এখানে নয়, যেখানে মানুষ সমস্যায় রয়েছেন, সেখানেই সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মানুষ হিসাবে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

তিনি আরও জানান, সংস্থার সদস্যেরা আগে থেকেই দুর্গতদের প্রয়োজন নিয়ে সমীক্ষা করেছেন। তাঁর কথায়, এখন সবচেয়ে বেশি প্রয়োজন খাবার, ঘুমোনোর জায়গা, ম্যাট্রেস, ত্রিপল এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী। সেই অনুযায়ী ত্রাণসামগ্রীর ‘কিট’ তৈরি করে মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এখনও যাঁরা কোনও সাহায্য পাননি, তাঁদের খুঁজে বার করার কাজও চালিয়ে যাচ্ছেন সংস্থার স্বেচ্ছাসেবকেরা।

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের বন্যায় এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের একাধিক তারকা। কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর, আলিয়া ভট্টের মতো তারকাদের কেউ কেউ আর্থিক সাহায্য করেছেন, কেউ আবার সকলকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

Randeep Hooda Assam flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy