প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে, এই অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন অভিনেতা মুকেশ খন্না। এ বার ফের একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি দাবি করলেন, বর্তমান প্রজন্মের কাঁধে যদি আগামী দিনে দেশের দায়িত্ব পড়ে, তা হলে ভারতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। একই সঙ্গে তিনি ‘ককরোচ জনতা পার্টি’কে কটাক্ষ করে ‘আরশোলা’ বলে আখ্যা দেন এবং দেশ থেকে ‘তাড়িয়ে দেওয়া’র আহ্বান জানান।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় মুকেশ বলেন, “আমি এখন ভারতে নেই। কিন্তু ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউবের মাধ্যমে দেশের খবর রাখি। দু’দিন আগে জেন জ়ি-দের (এটি আদতে আমেরিকায় বিপণন কৌশলের অঙ্গ হিসাবে বয়সভিত্তিক বিভাজন, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মানো প্রজন্মকে বোঝাতে ব্যবহার করা হয়) নিয়ে একটি ভিডিয়ো করেছিলাম। যদি আজ থেকে ২৫ বছর পর দেশের দায়িত্ব এদের কাঁধে ওঠে, তা হলে দেশের কী অবস্থা হবে, তা সহজেই বোঝা যায়।”
এর পরেই তিনি যোগ করেন, “এখন আমি নিশ্চিত, এরা (সিজেপি) মোটেই নিট প্রশ্নফাঁসের মতো প্রকৃত ইস্যু নিয়ে রাস্তায় নামা ছাত্রছাত্রী নয়। অন্য কেউ পড়ুয়াদের ব্যবহার করেছে। যারা তাঁদের রাস্তায় নামিয়েছে, দায় তাদেরই। পড়ুয়াদের এগিয়ে দিয়ে, তাঁদের দিয়ে অপমানজনক ভাষা বলানো হয়েছে। সরকারের পতন ঘটানোই ওই দলের উদ্দেশ্য। আর এরাই আবার রাতভর পার্টি করে বেড়ায়।’’
ভিডিয়োয় মুকেশের সংযোজন, “আমার দৃঢ় বিশ্বাস, এরা সত্যিই আরশোলা। যেমন বাড়ি থেকে আরশোলা তাড়িয়ে দেওয়া হয়, তেমনই এদেরও তাড়িয়ে দেওয়া উচিত। এ আন্দোলন কখনওই নিট-এ ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য ছিল না। এটি ছিল একটি আর্থিক মদতপুষ্ট আন্দোলন, যার পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য কাজ করছে।”
আরও পড়ুন:
মুকেশের দাবি, “যারা এমন অশালীন ভাষা ব্যবহার করে, তারা কখনওই নিট-এ ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। এরা বিক্রি হয়ে গিয়েছে এবং সরকারের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ছাত্রছাত্রীদেরও সতর্ক করতে চাই— যা করছেন, তার প্রভাব ভবিষ্যতে পড়বে। আপনাদের ব্যবহার করা হচ্ছে। এই পথে চলতে থাকলে পুলিশ বা সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাবেন না। চাকরি পাওয়া কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই সময় থাকতে সরে আসুন।” ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, “দেরি হওয়ার আগেই এই আরশোলাদের ছুড়ে ফেলে দিন।”