Advertisement
E-Paper

ক্যানসার চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন দীপিকা কক্কড়! ছোটপর্দায় দেখা যাবে তাঁকে?

২০২৫ সালে টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কড়ের দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা চলছে, তবে দুর্বলতার কথা নিজেই জানিয়েছেন একাধিক বার। এ বার ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১
কাজে ফিরছেন দীপিকা।

কাজে ফিরছেন দীপিকা। ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক ভ্লগে সুখবর দিলেন দীপিকা কক্কড়। কাজে ফিরছেন তিনি। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা যাবে তাঁকে। সেই কাজের জন্য ইতিমধ্যে নাচের মহড়াও শুরু করেছেন অভিনেত্রী। তবে পুরোপুরি ধারাবাহিকে কবে ফিরবেন অভিনেত্রী? ওজন কমেছে ঠিকই, কিন্তু চিকিৎসা চলাকালীন ধারাবাহিকে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব হবে বলে মনে করছেন না দীপিকা।

মিউজ়িক ভিডিয়ো প্রসঙ্গে দীপিকা বলেন, “দেখুন, এই মুহূর্তে আমার শরীরের যা অবস্থা, প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে পারব বলে মনে হয় না। আর এই ধরনের চিকিৎসা চলাকালীন কেউ কেনই বা আমাকে কাজে নেবেন? এটা তো বোঝাই যাচ্ছে।”

তিনি আরও জানান, শারীরিক অবস্থার কারণে ছোটপর্দার শুটিং করা কঠিন হলেও, এক দিনের কোনও প্রজেক্ট সামলানো তাঁর পক্ষে সম্ভব। দীপিকার কথায়, “এ নিয়ে বেশি ভাবার কিছু নেই। চিকিৎসা চলছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে— এটাই স্বাভাবিক। তবে একটি গানের শুটিং যদি এক দিনেই করা যায়, তা হলে সেটা নিশ্চয়ই সামলানো সম্ভব।”

দীর্ঘ বিরতির পর ফের নাচের মহড়ায় ফিরে প্রথম দিকে প্রতি ১০ মিনিট অন্তর বিরতি নিতে হচ্ছিল দীপিকাকে। তাতেই নিজের শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে, তা বুঝতে পারেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, গানটির শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নতুন কাজ নিয়ে একই সঙ্গে তিনি উদ্বিগ্ন ও উত্তেজিত।

২০২৫ সালে টেলিভিশন অভিনেত্রীর দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসার ধরা পড়ে। ওই বছরের জুনে লিভার থেকে টিউমার বাদ দিতে অস্ত্রোপচারও হয় তাঁর। তার পর থেকে নিজের ভ্লগের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা এবং চিকিৎসার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে লিভারে সিস্ট ধরা পড়ার পর আরও একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। পরে শোয়েব জানান, সেই প্রক্রিয়া সফল হয়েছে। এর পর আরও দু’টি ছোট সিস্ট ধরা পড়লে চিকিৎসকেরা ফের অস্ত্রোপচারের বদলে সেগুলির উপর নজর রাখার পরামর্শ দেন। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসাবে ইমিউনোথেরাপি শুরু করেন দীপিকা।

চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও একাধিক বার কথা বলেছেন অভিনেত্রী। বমি বমি ভাব, বমি, অবসাদ-সহ নানা উপসর্গের কারণে তাঁর খাওয়ার ইচ্ছা ও কর্মশক্তি কমে গিয়েছে। সাম্প্রতিক এক ভ্লগে দীপিকা জানান, প্রবল বমি বমি ভাব ও বমির কারণে চা খাওয়ার প্রতিও তাঁর আগ্রহ হারিয়ে গিয়েছে। তবে এই সবের মাঝেই ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টায় অভিনেত্রী।

Dipika Kakar Music Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy