আজকাল আকাশছোঁয়া পারিশ্রমিক পান দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাঁকে দক্ষিণী চলচ্চিত্রজগতে ‘লেডি সুপারস্টার’ও বলা হয়ে থাকে। তবে কর্মজীবনের শুরুতে পথ এত মসৃণ ছিল না। পারিশ্রমিকও ছিল না বড় অঙ্কের।
বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘হাই’-এর মুক্তির প্রস্তুতিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনের কথা বলতে গিয়ে প্রথম উপার্জনের স্মৃতিও ভাগ করে নেন তিনি। অভিনয়ে আসার অনেক আগে থেকেই মডেলিং করতেন নয়নতারা। সেই সময়ের একটি মডেলিংয়ের কাজই যে পরবর্তীকালে তাঁর অভিনয়জীবনের দরজা খুলে দেবে, তা অবশ্য তখন জানতেন না অভিনেত্রী।
সাক্ষাৎকারে নয়নতারাকে তাঁর প্রথম কাজ এবং প্রথম পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, তাঁর প্রথম কাজটি একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। পত্রিকার প্রচ্ছদের জন্য তিনি একটি ফোটোশুট করেছিলেন। সেই কাজের জন্য কত টাকা পেয়েছিলেন নয়নতারা? অভিনেত্রীর উত্তর, আনুমানিক ২ থেকে ৩ হাজার টাকা পেয়েছিলেন তিনি। সেই সামান্য পারিশ্রমিকের কাজটিই পরবর্তীকালে তাঁর জীবন বদলে দেয়।
আরও পড়ুন:
পত্রিকায় নয়নতারার ছবি দেখেছিলেন পরিচালক সত্যন অন্তিক্কাড়। সেই ছবি দেখেই তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। অথচ অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা আদৌ ছিল না নয়নতারার। সেই সুযোগই তাঁকে পৌঁছে দেয় চলচ্চিত্রের দুনিয়ায়। ২০০৩ সালে মলয়ালম ছবিতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্সঅফিসে সফল হয়েছিল।
এর পর আরও দু’টি নামকরা মলয়ালম ছবিতে ছবিতে অভিনয় করেন নয়নতারা। ২০০৫ সালে ‘আইয়া’ ছবির মাধ্যমে পা রাখেন তামিল চলচ্চিত্রে। সেই বছরেই রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’-তে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটি বিপুল সাফল্য পেতেই নয়নতারার কেরিয়ারও আরও কয়েক ধাপ এগিয়ে যায়।
মাত্র ২-৩ হাজার টাকায় কাজ শুরু করেছিলেন নয়নতারা। বর্তমানে তিনি প্রতি ছবিতে অভিনয় করতে ১০ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।