প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান। আমির খানের ভাগ্নে ইমরানকে মুম্বই পুলিশের মাধ্যমে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এই বিতর্কের আবহে প্রথম প্রতিক্রিয়া জানালেন ইমরানের প্রেমিকা লেখা ওয়াশিংটন। পুলিশ ভ্যানের ভিতরে দু’জনের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে অভিনেতার পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ইমরান জন্মসূত্রে আমেরিকার নাগরিক এবং ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডের অধিকারী। গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির সমর্থনে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পর তাঁকে আটক করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
শুক্রবার, ১৬ অক্টোবর, ইমরানের সঙ্গে তোলা ছবিটি ভাগ করে লেখা বিশেষ কিছু লেখেননি। ক্যাপশনে যা লেখেন, তার অর্থ, “শুধুই ভালবাসা”। একাধিক হৃদয়ের ইমোজি রয়েছে সেখানে। ছবির নীচে ইমরানের তুতো বোন জ়েন মেরি খান মন্তব্য করেন, “তোমরা দু’জনেই অসাধারণ!”
প্রতিবাদ কর্মসূচিতে লেখা এবং জ়েনের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা। তিন জনকেই আটক করা হয়েছিল। শনিবার রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কয়েক দিন আগেই সমাজমাধ্যমে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন লেখা। কেন তাঁরা ক্রান্তি ময়দানে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে কী ঘটেছিল, তা ব্যাখ্যা করেন তিনি।
বলিউড অভিনেতা ইতিমধ্যেই ভারত ছাড়ার নোটিসকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ‘জানে তু ইয়া জানে না’-খ্যাত অভিনেতা। ভারতীয় নাগরিক না হয়েও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানায় মুম্বই পুলিশ। কিন্তু ইমরানের আইনজীবীর দাবি, ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ হয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে কোনও আইনি নিষেধাজ্ঞা নেই।
আরও পড়ুন:
২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ আমিরের ভাগ্নে ইমরানের। জেনেলিয়া ডি’সুজ়ার বিপরীতে সেই ছবি বক্সঅফিসে ঝড় তোলে। দর্শকের মনে জায়গা করে নেন নতুন ‘লাভার বয়’। এর পরে ‘দেলহি বেলি’, ‘আই হেট লভ স্টোরিজ়’ বা ‘গোরি তেরে পেয়ার মে’র মতো একাধিক ছবিতে কাজ করলেও প্রত্যাশিত সাফল্য সে ভাবে পাননি। ব্যক্তিগত জীবনও ধীরে ধীরে টালমাটাল হয়ে ওঠে। কয়েক বছর পরে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। যদিও বছরকয়েক আগেই ফের অভিনয়ে ফেরার তোড়জোড় শুরু করেন ইমরান। এরই মধ্যে জড়িয়ে পড়লেন রাজনৈতিক বিতর্কে।