তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তলপতি বিজয়। অভিনয়ক্ষেত্রে তিনি বড় তারকা ছিলেনই। তার পরে রাজনৈতিক দল গঠন করে প্রথম নির্বাচনেই জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে তিনি। এ বার কি রাজনীতিতে পা রাখছেন দক্ষিণী বিনোদনজগতের আরও এক তারকা? সম্প্রতি খবর ছড়িয়েছে, রাজনীতিতে যোগ দিচ্ছেন জুনিয়র এনটিআর।
তেলুগু অভিনেতা জুনিয়র এনটিআরের পরিবারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজনীতির দীর্ঘদিনের সম্পর্ক। সম্প্রতি খবর ছড়ায়, তিনি খুব শিগগিরই রাজনীতিতে যোগ দেবেন। তবে মঙ্গলবার তাঁর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই খবর ঠিক নয়।
মঙ্গলবার জুনিয়র এনটিআরের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘র এনটিআর’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ নামে একটি অনুষ্ঠান করতে চলেছে। বিবৃতিতে বলা হয়, “আমাদের নজরে এসেছে যে ‘র এনটিআর’ নামে একটি সংগঠন এমন কিছু কাজ করছে, যাতে মনে হতে পারে যে তাদের সঙ্গে জুনিয়র এনটিআরের সম্পর্ক রয়েছে।”
আরও পড়ুন:
বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, তেলুগু তারকা বা তাঁর অফিসের সঙ্গে ‘র এনটিআর’-এর যোগাযোগ নেই। এ ছাড়াও বলা হয়েছে, ওই সংগঠনকে কখনওই জুনিয়র এনটিআরের প্রতিনিধিত্ব করার বা তাঁর হয়ে কোনও বার্তা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “জুনিয়র এনটিআরকে নিয়ে কোনও সমাজসেবামূলক কাজ, সরকারি ঘোষণা বা অন্য কোনও উদ্যোগ থাকলে, তা শুধুমাত্র জুনিয়র এনটিআর বা তাঁর সহযোগী দলের মাধ্যমেই জানানো হবে।” শেষে তাঁর অফিসের পক্ষ থেকে জানানো হয়, “এই বিষয়ে এটিই আমাদের শেষ বিবৃতি। আমরা আশা করি, এর ফলে সব গুজব ও জল্পনার অবসান হবে।” ‘র এনটিআর’ নামে একটি সংগঠন, ‘ওরু ভাডা’ নামে একটি উদ্যোগের ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল ভাবনা জানাতে ১৮ জুলাই সকাল ১০টায় তিরুপতির তাজ হোটেলে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এর পরেই জুনিয়র এনটিআর-এর অনুরাগীরা ধরে নেন, তারকা এ বার রাজনীতির দিকে পা বাড়াচ্ছেন। তবে তারকার পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি।
উল্লেখ্য, এনটিআর (নন্দমুরী তারক রামা রাও) পরিবার অন্ধ্রপ্রদেশের রাজনীতির সঙ্গে গভীর ভাবে জড়িত এবং রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার। অভিনেতা এনটি রামা রাও ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি) গঠন করে এই রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন। এনটিআর মোট তিন বার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এনটিআরের জামাই চন্দ্রবাবু নাইডু বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং টিডিপি-র প্রধান নেতা।