সাধারণত অন্য অভিনেত্রীদের কটাক্ষ করে খবরে উঠে আসেন তিনি। তবে এ বার তৃষা কৃষ্ণনের পাশে দাঁড়ালেন কঙ্গনা রনৌত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয় কিছু দিন আগেই সাবধান করেছেন, মহিলাদের নিয়ে কুমন্তব্য করলে আইনি পদক্ষেপ করা হতে পারে। এ বার সেই বক্তব্য সমর্থন করে তৃষার সমর্থনে মুখ খুললেন কঙ্গনা। তাঁর বক্তব্য, সবসময় মহিলাদের চরিত্র নিয়েই কটাক্ষ করা হয়।
হিমাচল প্রদেশের মন্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা কুল্লুতে জেলা উন্নয়ন ও পর্যবেক্ষণ সমিতির বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তৃষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তামিলনাড়ুতে কী ঘটেছে, তা সবাই দেখেছেন। এক জন অত্যন্ত সম্মানিত শিল্পী এবং অভিনেত্রী একটি ঘটনায় জড়িয়েছিলেন। সম্পর্কটি দুই পক্ষের সম্মতিতেই ছিল। কিন্তু গালিগালাজ এবং চরিত্রহননের ক্ষেত্রে সবসময় মহিলাকেই নিশানা করা হয়।”
আরও পড়ুন:
কঙ্গনা আরও জানান, এই ঘটনা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারাবিশ্বেই এমনটা দেখা যায়। কর্মরত মহিলা, সফল মহিলা, অভিনেত্রী, রাজনীতিক এবং গুরুত্বপূর্ণ পদে থাকা মহিলাদের হেয় করতে তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁদের নীচে নামিয়ে দেওয়ার জন্যই এমনটা করা হয়।
তৃষাকে নিয়ে কঙ্গনার এই মন্তব্যের কয়েক সপ্তাহ আগে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ঘিরেও বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই সভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করছিলেন উদয়নিধি। সেই সময়ে ভিড়ের মধ্যে থেকে তৃষার নাম ধরে স্লোগান ওঠে বলে জানা যায়। এই ঘটনা ঘিরে দ্রুত রাজনৈতিক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, প্রকাশ্য সভায় এক মহিলাকে নিয়ে আপত্তিকর এবং অসম্মানজনক মন্তব্য করেছেন উদয়নিধি।
বিতর্ক বাড়তে থাকায় ৪ অগস্ট চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে গ্রেফতার করা হয়। তাঁর বক্তব্যের সঙ্গে সম্পর্কিত একটি মামলা দায়ের হয়েছিল। পরে তিনি জামিন পান।