Advertisement
E-Paper

ফের জুটি বাঁধছেন শাহরুখ ও করীনা! ‘কিং’-এ বিশেষ চমক, বাদশার জন্মদিন নিয়েও নির্মাতাদের বড় পরিকল্পনা

১৫ বছর পরে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান এবং করীনা কপূর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে করীনাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৬
একসঙ্গে শাহরুখ ও করীনা!

একসঙ্গে শাহরুখ ও করীনা! ছবি: সংগৃহীত।

বড়পর্দায় একসঙ্গে বাদশা ও বেবো। ১৫ বছর পরে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান এবং করীনা কপূর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে করীনাকে।

জানা যাচ্ছে, একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে তাঁদের। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ওই বিশেষ গানের শুটিং করবেন করীনা। জানা গিয়েছে, শুটিংয়ের জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। গানটি বড় মাপের আয়োজন করে তৈরি করা হচ্ছে বলেও খবর।

এক সূত্রের কথায়, “‘ড্যাডি কুল’ নামে একটি গান বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে। এমন ভাবে শাহরুখ এবং করীনাকে একসঙ্গে দেখা যাবে, যা আগে দর্শক দেখেননি। ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এই গান। গানটিকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখতে চাইছেন না নির্মাতারা।”

তিন বছর পরে বড়পর্দায় আসছেন শাহরুখ।

তিন বছর পরে বড়পর্দায় আসছেন শাহরুখ।

জানা গিয়েছে, গানটি এক জন ভারতীয় এবং এক জন আন্তর্জাতিক শিল্পী গাইবেন। তবে তাঁরা কারা, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর।

‘ড্যাডি কুল’-এ শাহরুখ এবং করীনাকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। এর আগে ‘কভী খুশী কভী গম’, ‘অশোকা’ এবং ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি আগের কাজগুলির থেকে একেবারেই আলাদা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। সেই দিনকে কেন্দ্র করে ছবির বিশেষ ঝলক প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে জন্মদিনে শাহরুখ-অনুরাগীদের জন্য বড় চমক অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ গানে করীনার যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘ড্যাডি কুল’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ‘কিং’-এর অন্যতম প্রতীক্ষিত আকর্ষণ হয়ে উঠতে পারে শাহরুখ-করীনার এই জুটি।

‘কিং’-এ শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ অহলাওয়াত, অরশদ ওয়ারসী এবং রাঘব জুয়ালকে দেখা যাবে।

Shah Rukh Khan Kareena Kapoor Khan King

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy