গৌরব খন্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে আকাঙ্ক্ষা চমোলার। এর মধ্যেই ফের অভিনেত্রীকে কটাক্ষ করলেন ওরি। এ বার সরাসরি প্রশ্ন তুললেন, বিচ্ছেদের পরে গৌরবের কাছে কি খোরপোশ চাইবেন আকাঙ্ক্ষা? শুধু তা-ই নয়, প্রকাশ্যে গৌরবকে অসম্মান করার অভিযোগও তুলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি প্রশ্ন তোলেন, “আমার মনে হয়, গৌরব ওঁর বিল মেটাতেন। তাই তো?” সেখানেই থামেননি ওরি। তাঁর দাবি, বিবাহবিচ্ছেদের সময়ে গৌরবের কাছ থেকে আর্থিক সুবিধা চাইতে পারেন আকাঙ্ক্ষা। ওরির কথায়, “ওঁরা বিবাহিত ছিলেন। এখন যদি তাঁদের বিচ্ছেদ হয়, তা হলে নিশ্চয়ই আকাঙ্ক্ষা গৌরবের কাছ থেকে কিছু চাইবেন। আমার তো মনে হয় না, তিনি বলবেন, ‘আমি কিছুই নেব না, তুমি আমার বিল মেটাবে না।’ আকাঙ্ক্ষা এমন কিছু নিশ্চয়ই বলবেন না।”
এর পরে ওরি দাবি করেন, “আমার মনে হয়, তিনি গৌরবের কাছ থেকে কিছু আদায় করে নেবেন।” আকাঙ্ক্ষার মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন ওরি। তাঁর বক্তব্য গৌরবকে নিয়ে প্রকাশ্যে কথা বলার সময়েও আকাঙ্ক্ষার আরও সতর্ক হওয়া উচিত ছিল।
গৌরবকে নিয়ে আকাঙ্ক্ষার একটি পুরনো মন্তব্যও টেনে আনেন ওরি। ‘লক আপ ২’-এর সেটে গৌরবের বদলে তাঁর পোষ্য কুকুরকে দেখতে বেশি পছন্দ করবেন বলে জানিয়েছিলেন আকাঙ্ক্ষা। সেই মন্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলেও দাবি করেছেন ওরি। তিনি বলেন, “আকাঙ্ক্ষা বলেছিলেন, স্বামীর বদলে সেটে একটা কুকুর এলে তাঁর বেশি ভাল লাগত। গৌরবের সঙ্গে দেখা করতে না চাইতেই পারেন। কিন্তু এ ভাবে বলা ভীষণ অসম্মানজনক।”
আরও পড়ুন:
এর পর আকাঙ্ক্ষার চরিত্র নিয়েও মন্তব্য করেন ওরি। তাঁর কথায়, আকাঙ্ক্ষাকে তিনি ভাল মানুষ বলে মনে করেন না। একটি ভিডিয়োর কথা উল্লেখ করে ওরি বলেন, তাঁর মনে হয়েছিল, আকাঙ্ক্ষা গৌরবের অনুভূতির কথা ভাবেননি। অন্য দিকে, গৌরবের সঙ্গে নিজের বন্ধুত্বের কথাও জানিয়েছেন ওরি। ‘খতরোঁ কে খিলাড়ি’র শুটিংয়ের সময়ে দু’জনের বন্ধুত্ব হয় বলে জানান তিনি। এমনকি, একই ভ্যানিটি ভ্যানও ভাগ করে নিয়েছেন তাঁরা।
ওরির দাবি, গৌরবকে কখনও আকাঙ্ক্ষার বিরুদ্ধে খারাপ কথা বলতে দেখেননি তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়েও গৌরব একই অবস্থান বজায় রেখেছেন বলে জানিয়েছেন ওরি। বিচ্ছেদের আবহে তাই নতুন করে প্রশ্ন উঠছে, গৌরবের কাছে কি খোরপোশ চাইবেন আকাঙ্ক্ষা? ওরির মন্তব্য ঘিরে সেই জল্পনাই আরও জোরালো হয়েছে।