Advertisement
E-Paper

ভারতে কাজের সুযোগ হারিয়েও আক্ষেপ নেই, ‘নিষেধাজ্ঞা’ নিয়েই মুখ খুললেন আতিফ আসলাম

সম্প্রতি এক সাক্ষাৎকার তাঁর ভারত-অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন আতিফ। তাঁর দাবি, ভারতে তাঁর নতুন গান না পৌঁছোলেও অনুরাগীরা নানা উপায়ে তাঁর সঙ্গীত শুনে চলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১১:৩৯
‘নিষিদ্ধ’ হওয়ায় কোনও আক্ষেপ নেই আতিফের!

‘নিষিদ্ধ’ হওয়ায় কোনও আক্ষেপ নেই আতিফের! ছবি: সংগৃহীত।

ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে তাঁর কণ্ঠ এখনও সমান পরিচিত। কিন্তু প্রায় এক দশক ধরে ভারতে কোনও গান প্রকাশ করেননি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। রাজনৈতিক টানাপড়েন এবং পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞার জেরে ভারতীয় সঙ্গীতজগত থেকে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। তবে এত বছর পরেও ভারতের অনুরাগীরা তাঁর গান শুনছেন। আর সেই টানই যেন তাঁকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ভারত-অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন আতিফ। তাঁর দাবি, ভারতে তাঁর নতুন গান না পৌঁছোলেও অনুরাগীরা নানা উপায়ে তাঁর সঙ্গীত শুনে চলেছেন। এমনকি, ভিপিএন ব্যবহার করে গান শোনার পাশাপাশি কেউ কেউ সিডি কপি করে অন্যদেরও দিচ্ছেন বলে জানান তিনি। যদিও ‘পাইরেসি’কে সমর্থন করেন না বলেও স্পষ্ট করেছেন গায়ক। তাঁর কথায়, সঙ্গীতকে তবু আটকে রাখা কঠিন— যেখানে পৌঁছোনোর কথা, কোনও না কোনও ভাবে সেখানেই পৌঁছে যায়।

নিজের গান তৈরির দিকে মন দিয়েছেন গায়ক।

নিজের গান তৈরির দিকে মন দিয়েছেন গায়ক। ছবি: সংগৃহীত।

তবে ভারতীয় সঙ্গীতশিল্পীদের পাকিস্তানে কাজের সুযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। আতিফের বক্তব্য, ভারত যেমন পাকিস্তানি শিল্পীদের নিয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের আঁচ যে সঙ্গীতের দুনিয়াতেও পড়েছে, তা নিয়ে রাখঢাক করেননি তিনি।

তবে বিতর্কের জায়গাতেই আতিফের বক্তব্যে রয়েছে অন্য সুর। ভারতে কাজ করতে না পারার জন্য তাঁর কোনও ক্ষোভ নেই। বরং এই বাধাকেই নিজের সঙ্গীতজীবনের একটি মোড় হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, বলিউডে প্লেব্যাক গানের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা না এলে হয়তো নিজের গান তৈরির দিকে এতটা মন দিতে পারতেন না।

আতিফের কথায়, সেই অর্থে নিষেধাজ্ঞার জন্যও তিনি কৃতজ্ঞ। কারণ এই পরিস্থিতিই তাঁকে নিজের সঙ্গীতসত্তাকে আরও গভীর ভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।

ভারতের সঙ্গে আতিফের সঙ্গীত-সম্পর্ক অবশ্য দীর্ঘ দিনের। ‘তু জানে না’, ‘পেহলি নজ়র মে’, ‘তেরে হোনে লাগা হুঁ’, ‘জিনা জিনা’, ‘আদত’, ‘ওহ লমহে ওহ বাতে’-এর মতো গান তাঁকে ভারতীয় শ্রোতাদের কাছে বিপুল জনপ্রিয় করে তুলেছিল। ২০১৮ সালের ‘বাগী ২’-এর ‘ও সাথী’ তাঁর গাওয়া শেষ দিকের বলিউড গানগুলির অন্যতম।

কাজের দরজা বন্ধ হয়েছে, কিন্তু শ্রোতার দরজা যে পুরোপুরি বন্ধ হয়নি— আতিফের বক্তব্যে সেই কথাটিই যেন আরও এক বার স্পষ্ট হল। তাঁর আক্ষেপ নেই কর্মক্ষেত্র নিয়ে, আছে শুধু দূরে থাকা অনুরাগীদের জন্য।

Bollywood Singer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy