প্রয়াত দক্ষিণ ভারতের গায়িকা এস জানকী। শনিবার মায়সুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দক্ষিণ 'ভারতের কোকিলকণ্ঠী' হিসাবেও পরিচিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।
মায়সুরুর হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ১১ জুলাই দুপুরে এস জানকীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করে। কিন্তু চিকিৎসা চলাকালীন তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করা হয়। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও একাধিক বার হৃদ্যন্ত্র বিকল হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ছয় দশকেরও বেশি সময় ধরে এস জানকী তামিল, তেলুগু, মলয়ালম, কন্নড়, হিন্দি-সহ একাধিক ভারতীয় ভাষায় ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছিলেন। সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে চার বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি, বিভিন্ন রাজ্য সরকারের অসংখ্য সম্মানেও ভূষিত হয়েছেন। এস জানকীর প্রয়াণে শোকাচ্ছন্ন সঙ্গীতমহল। শোকপ্রকাশ করেছেন দেশের রাজনৈতিক ও চলচ্চিত্রজগতের অনেকেই।
প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এস জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতির জগতের অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ভাষায় তাঁর গান প্রজন্মের পর প্রজন্মের মানুষের হৃদয় জয় করেছে। অসাধারণ ভাবে তিনি প্রতিটি অনুভূতিকে কণ্ঠে ফুটিয়ে তুলেছেন। তাঁর সুর আগামী দিনেও শ্রোতাদের মুগ্ধ করবে। তাঁর পরিবার, অগণিত অনুরাগী এবং গোটা সঙ্গীতজগতের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং অভিনেতা বিজয়ও সমাজমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের জগতে নিজের অনন্য কণ্ঠে বহু প্রজন্মের মানুষের মন জয় করেছিলেন কিংবদন্তি গায়িকা এস জানকী। তাঁর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তামিল, তেলুগু, মলয়ালম, কন্নড়, হিন্দি-সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি সঙ্গীতের জগতে তাৎপর্যপূর্ণ ছাপ রেখে গিয়েছেন।” তিনি আরও লেখেন, “তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর শোকাতুর পরিবার, চলচ্চিত্রজগতের সহকর্মী, সঙ্গীতশিল্পী এবং বিশ্বের সব অনুরাগীর প্রতি আমি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
প্রযোজক বনি কপূরও শোকপ্রকাশ করে লেখেন, “যে কণ্ঠ অসংখ্য অনুভূতিকে প্রাণ দিয়েছিল, সেই কণ্ঠ আজ নীরব। কিন্তু তার প্রতিধ্বনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। কিংবদন্তি গায়িকা এবং দক্ষিণের কোকিল এস জানকী আম্মার প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর কণ্ঠে আনন্দ, প্রেম, ভক্তি, বিরহ ও বেদনার মতো নানা অনুভূতিকে অসাধারণ ভাবে তুলে ধরেছেন। ভারত আজ তার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতরত্নকে হারাল। তাঁর পরিবার, প্রিয়জন এবং কোটি কোটি অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
অভিনেতা চিরঞ্জীবী সমাজমাধ্যমে লেখেন, “ওঁর প্রয়াণের খবর আমাকে গভীর ভাবে নাড়া দিয়েছে। আমার দীর্ঘ চলচ্চিত্রজীবনে অসংখ্য স্মরণীয় গানে তিনি তাঁর অতুলনীয় কণ্ঠ দিয়েছেন। পর্দায় আমরা যে সব আবেগ ফুটিয়ে তুলেছি, তাতে প্রাণ এনে দিয়েছে তাঁরই কণ্ঠ। আমার অভিনীত বহু জনপ্রিয় গানের নেপথ্যে রয়েছে ওঁর মধুর কণ্ঠ। আজও সেই গান শুনলে সেই সময় আর সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।”