টলিপাড়ায় আবার এক দম্পতির সম্পর্ক নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। প্রকাশ্যে অবশ্য সব কিছুই স্বাভাবিক। একসঙ্গে ছবি, সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি— সবই রয়েছে। কিন্তু ঘনিষ্ঠমহলে নাকি অন্য গল্প। শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন এতটাই বেড়েছে যে, একই ছাদের নীচে থাকতেও আর রাজি নন স্ত্রী।
গুঞ্জন, দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে কেরিয়ারও। স্বামীর কারণেই নাকি নিজের পেশাগত জীবনে প্রত্যাশিত ভাবে এগোতে পারছেন না বলে ক্ষোভ জমেছে স্ত্রীর মনে। কাজের সুযোগ, চরিত্র বাছাই থেকে কেরিয়ারের গতি— নানা বিষয়েই নাকি স্বামীকে দায়ী করছেন তিনি। এ দিকে ছোটপর্দায় একসঙ্গে কাজ করতে গিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেম।
আরও পড়ুন:
এমনিতেই টলিপাড়ায় দু’জনের সম্পর্ক নিয়ে কৌতূহল কম নয়। এক সময় তাঁদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তার পর সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। কিন্তু বিয়ের পরেও যে সব সময় ছবিটা একেবারে মসৃণ ছিল, এমনটা নাকি নয়। সম্প্রতি সেই পুরনো অস্বস্তিই ফের মাথাচাড়া দিয়েছে বলে খবর।
আরও শোনা যাচ্ছে, স্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— আপাতত একই বাড়িতে থেকে সম্পর্ক সামলানোর কোনও ইচ্ছা তাঁর নেই। তবে এই দূরত্ব সাময়িক, নাকি সম্পর্কের ভবিষ্যৎ নিয়েই বড় কোনও সিদ্ধান্তের ইঙ্গিত, তা এখনই বলা কঠিন।