পুরনো হিন্দি ছবিতে নারী ও প্রেম বিষয়টি যেভাবে দেখানো হত, তা নিয়ে আপত্তি অভিনেত্রী রাধিকা আপ্টের। তাঁর বক্তব্য, ছোটবেলায় যে ছবিগুলি তিনি ভালবাসতেন, বড় হয়ে সেগুলির কিছু দৃশ্য আবার দেখলে এখন অস্বস্তি হয়। সেই ছবিগুলিতে প্রেমের নামে যে আচরণ দেখানো হত, তা নাকি মোটেই প্রেমের লক্ষণ নয়।
এক সময়ের জনপ্রিয় প্রেমের দৃশ্যগুলির কথা বলতে গিয়ে রাধিকা বলেন, “আমাদের কিশোরী বয়সে রোমান্সের নামে দেখানো হত, আমাদের বেঁধে রাখা হচ্ছে, কিংবা আমাদের শাড়ির আঁচল খুলে নেওয়া হচ্ছে। ভাবলে এখন ভয়ঙ্কর লাগে!”
সাক্ষাৎকারে রাধিকা জানান, তিনি এখনও শাহরুখ খানের ভক্ত। তবে ছোটবেলায় পছন্দের কিছু ছবি পরে আবার দেখতে গিয়ে তিনি বেশ অবাক হয়েছেন। রাধিকার কথায়, “অসম্মান করার জন্য বলছি না, আমি শাহরুখের খুব বড় ভক্ত। কিন্তু ছোটবেলায় যে ছবিগুলি ভাল লাগত, পরে সেগুলি আবার দেখে আমি সত্যিই চমকে গিয়েছিলাম।” তাঁর মতে, সেই সময়ের বহু ছবিতে কোনও মহিলা স্পষ্ট ভাবে ‘না’ বললেও সেটাকে গুরুত্ব দেওয়া হত না। বরং সেই মহিলার পিছু নেওয়া, তাঁকে বিরক্ত করা, এ সবকেই ‘প্রেম’ হিসেবে দেখানো হত।
আরও পড়ুন:
রাধিকা বলেন, “এক জন মহিলা ‘না’ বললে, সেটাকে কখনও ‘না’ হিসাবে মেনে নেওয়া হত না। কোনও মহিলার পিছনে ছোটা মানেই প্রেম— এমনটাই দেখানো হত। সেই সময়ে আমরা সেটাই চাইতাম। এখন ফিরে তাকালে বিষয়টা সত্যিই খুব অস্বস্তিকর লাগে।”
রাধিকা আরও বলেন, ‘‘সেই সময়ে পুরুষের দৃষ্টি দিয়েই সবটা দেখোনা হত। মহিলাদের যৌন আবেদনকে সামনে আনা হলেও, সেটাকে খারাপ ভাবে দেখানো হত বা বিদ্রুপ করা হত।”
উল্লেখ্য, রাধিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘সালি মহব্বত’ ও ‘সিস্টার মিডনাইট’।