গত কয়েক মাস ধরেই শাহনাজ় গিল ও রাঘব জুয়ালের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে রাঘবের জন্মদিনের অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পরে সেই জল্পনা আরও বেড়ে যায়। এ ছাড়া, একটি ভাইরাল ভিডিয়োয় নাকি দেখা যায়, গাড়িতে ওঠার সময়ে রাঘবের কোলে বসেছিলেন শাহনাজ় এবং এর পর দু’জন একসঙ্গে সেখান থেকে চলে যান। শুধু তা-ই নয়, রেস্তরাঁ থেকে বেরোনোর সময় শাহনাজ়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন একজন। তাঁর হাতটা ধরে শক্ত করে ধরে গাড়িতে ওঠান রাঘব। তবে ভিডিয়োর সত্যতা নিশ্চিত করা যায়নি। তার পর থেকে শোনা যাচ্ছে, সম্পর্কে নাকি সিলমোহর দিয়েছেন রাঘব! অবশেষে মুখ খুললেন তারকা।
আরও পড়ুন:
‘বিগ বস্ ১৩’ থেকে পরিচিতি পেয়েছিলেন শাহনাজ়। সেখান থেকেই সিদ্ধার্থ শুক্লের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সিদ্ধার্থের মৃত্যুর পরে দীর্ঘ দিন একাই ছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরে তাঁর ও রাঘবের সম্পর্কের জল্পনা ছড়িয়েছে। এর মাঝেই ভাইরাল হয় তাঁদের এই ভিডিয়ো। সেই প্রসঙ্গে রাঘব বলেন, ‘‘আসলে আমি তেমন ছেলে নই কিংবা আমাকে সে ভাবে বড় করা হয়নি যে, আমার সঙ্গে কোনও মহিলা থাকলে তাঁর উপর কেউ হামলে পড়লে তাঁর হাতটা ছেড়ে দেব। শহুরে ছেলেদের মতো এক কোণায় দাঁড়িয়ে থাকব না। প্রয়োজন একটা ঘুসিও দিতে পারি। আমি আমার পরিবারকে ও যে নারী আমার সঙ্গে থাকবে তাঁকে জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। কারণ, আমি মানুষটা এ রকমই।’’
শাহনাজ়ের সঙ্গে সম্পর্কে আছেন কি না, সেই প্রসঙ্গে খোলসা করে কিছু বলেননি অভিনেতা। তবে গত কয়েক বছরে বহুবার একসঙ্গে ঘুরতে যান তাঁরা। শুধু তা-ই নয়, ‘কিসী কা ভাই কিসী কী জান’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। সেই সময় সলমন খানের খামারবাড়িতে বেশ কিছুটা সময় কাটান তাঁরা, এমনটাই গুঞ্জন।
সম্প্রতি শাহনাজ়কে রাঘব সম্পর্কে প্রশ্ন করা হলে ব্যক্তিগত দিকে না ঢোকার নিদান দেন। এর পরই তিনি কথার বিষয় ঘুরিয়ে রাঘবের নতুন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর কথা বলতে থাকেন। সম্পর্কের গুজব নিয়ে কিছু না বলে তিনি রাঘবের ছবির প্রচার করেন। তার পরে বলেন, “আমার বন্ধুর ছবি আসছে, ‘ভাই তেরা স্টার হ্যায়’। আপনারা দয়া করে ছবিটা দেখবেন এবং ওর পাশে থাকবেন।”