নতুন প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা রনৌত। বিষয়টি নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। এ বার অভিনেত্রীকে কটাক্ষ করলেন যোগগুরু তথা ব্যবসায়ী রামদেব। কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করতেও বলেছেন তিনি।
বিজেপি সাংসদ কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে রামদেবের দাবি, দেশের যুবসমাজকে ‘আবর্জনা’ বলে দাগিয়ে দেওয়া আসলে বিকৃত মনের পরিচয়। একই সঙ্গে কঙ্গনার দলের সদস্যদেরও তাঁর মন্তব্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্য নিয়ে রামদেবকে প্রশ্ন করা হয়। জবাবে কঙ্গনার যোগ্যতা ও অতীত নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
রামদেব বলেন, “আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। দেশের যুবসমাজকে নর্দমার সঙ্গে তুলনা করা, বিকৃত মনের পরিচয়। তাঁর দলের লোকেদেরও বিষয়টি খেয়াল করা উচিত।”
কঙ্গনা যদিও রামদেবের যোগচর্চার অনুগামী বলেই পরিচিত। তিনি নিজেকে সনাতনীও বলেও দাবি করেন। সেই প্রসঙ্গে রামদেব বলেন, “কেউ আমার যোগের প্রশংসা করলেই কি আমি তাঁর পাপকাজ এড়িয়ে যাব?”
এর পরেই দেশের যুবসমাজের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন রামদেব। তাঁর মতে, কোনও জাতি, ধর্ম বা সম্প্রদায়ের পরিচয়ে যুবসমাজের বিচার করা যায় না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, দলিত, আদিবাসী, বনবাসী, তফসিলি জাতি, সব পরিবারের সন্তানই এই যুবসমাজের অংশ। তাঁদের মধ্যে বিপুল শক্তি রয়েছে। ভাল-মন্দ, কোনও ক্ষেত্রেই যুবসমাজের প্রভাব অস্বীকার করার উপায় নেই।
গত মাসে যন্তর মন্তরে আন্দোলনের সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ‘জেনারেশন গাটার’ শব্দটি ব্যবহার করেছিলেন। কঙ্গনার বক্তব্য ছিল, কয়েক জন তরুণী সফল কর্মজীবী মহিলার মতো স্বাধীন জীবনযাপন করতে চান ঠিকই। কিন্তু তাঁরা সেই স্বাধীনতার জন্য প্রয়োজনীয় দায়িত্ব নিতে চান না। তাঁর অভিযোগ, এমনও অনেকে রয়েছেন, যাঁরা মাদক, মদ্যপান এবং একাধিক যৌনসঙ্গীর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে গর্ব করেন। অথচ নিজেদের খরচের জন্য এখনও বাবা-মায়ের উপর নির্ভরশীল। এই মন্তব্যের জন্য প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে।