রণবীর কপূরের আগামী ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নীতেশ তিওয়ারীর পরিচালনায় এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। ছবির প্রচারে এ বার প্রাচীন যন্ত্র ও যানবাহনের সঙ্গে আধুনিক প্রযুক্তির তুলনা করলেন তিনি। তাঁর দাবি, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে ছিল উড়ন্ত গাড়ি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন রণবীর?
এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন রণবীর,যশ, রবি দুবে, রকুল প্রীত সিংহ এবং পরিচালক নীতেশ তিওয়ারী। মহাকাব্যকে বড়পর্দায় ফুটিয়ে তোলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা চলছিল তাঁদের মধ্যে। সেই প্রসঙ্গেই উঠে আসে রামায়ণের বিভিন্ন অস্ত্র এবং অলৌকিক সৃষ্টির কথা। এগুলিআধুনিক যুগের আবিষ্কারকেও টেক্কা দিতে পারে বলে মনে করেন রণবীর।
আরও পড়ুন:
আশ্চর্য সৃষ্টি কী ভাবে ছবিতে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে কথা বলছিলেন নীতেশ। সেই সময়েই সাম্প্রতিক একটি ঘটনা টেনে আনেন রণবীর। বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা-র প্রধান ইলন মাস্কের নতুন গাড়ির প্রদর্শনীর প্রসঙ্গ তোলেন তিনি। রণবীর বলেন, “ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত পাঁচ হাজার বছর আগেই তা করে দেখিয়েছিল।”
সম্প্রতি টেসলার বহু প্রতীক্ষিত নতুন প্রজন্মের রোডস্টার গাড়ির প্রদর্শনী হয়েছে। প্রায় এক দশক আগে এই বৈদ্যুতিক গাড়ি তৈরির কথা ঘোষণা করেছিল সংস্থা। গত ১৫ অক্টোবর আমেরিকার টেক্সাসে গাড়িটির নানা কৌশল দেখানো হয়। প্রদর্শনীতে দেখা যায়, উল্টো অবস্থায় এগিয়ে যাচ্ছে গাড়িটি। তার পরে শূন্যে উল্টে কয়েক মুহূর্ত ভেসে থেকে নিরাপদে মাটিতে নেমেও আসে সেটি। এই গাড়ির সঙ্গেই রাবণের আকাশপথে চলা পুষ্পক রথের তুলনা করেছেন রণবীর।
এখনই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না টেসলার উড়ন্ত গাড়ি। ইলন মাস্কের ইঙ্গিত, ২০২৮ সালে গাড়িটির উৎপাদন শুরু হতে পারে।