রণবীর কপূরের আগামী ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবির প্রথম পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর পরে মুক্তি পাওয়ার কথা দ্বিতীয় পর্ব। শোনা গিয়েছিল, সেটিই শেষ পর্ব হবে। তবে এর মধ্যেই ছবির তৃতীয় পর্ব নিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন পর্দার রাম, অর্থাৎ রণবীর। প্রযোজক নমিত মলহোত্র এবং পরিচালক নীতেশ তিওয়ারীর পরিকল্পনা কি তবে আগেই ফাঁস করে দিলেন অভিনেতা?
প্রায় ৪০০০ কোটি টাকা বাজেটের বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। ছবিটি মূলত দু’টি পর্বে মুক্তি পাওয়ার কথা। প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন রণবীর। সেখানেই দ্বিতীয় পর্বের শুটিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতার মুখে শোনা যায় তৃতীয় পর্বের উল্লেখ।
রণবীর জানান, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্বে তাঁর নিজের অংশের প্রায় ৫০ শতাংশ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এখনও ছবির শুটিং চলছে। এর পরেই তিনি বলেন, দ্বিতীয় পর্ব হোক কিংবা ভবিষ্যতে তৃতীয় পর্বের শুটিং— এই কাহিনি তাঁদের সঙ্গে থেকে যাবে। তাঁর কথায়, এই অভিজ্ঞতা কোনও দিন তাঁদের ছেড়ে যাবে বলে মনে হয় না। অভিনেতার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি ‘রামায়ণ’-কে শুধুমাত্র দু’টি ছবির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না নির্মাতারা? আরও বড় কোনও পরিকল্পনা রয়েছে তাঁদের?
রণবীরের কথায়, এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে জীবনে একবারই পাওয়ার মতো। ছবির ফল যা-ই হোক না কেন, এত বড় মাপের একটি কাহিনি পর্দায় তুলে ধরার সুযোগ পাওয়াই তাঁর কাছে বড় প্রাপ্তি। এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
তবে রণবীরের মন্তব্যের পরেও নির্মাতাদের তরফে ‘রামায়ণ’-এর তৃতীয় পর্ব নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রযোজক কিংবা পরিচালক কেউই এখনও তিন নম্বর পর্বের কথা নিশ্চিত করেননি। আপাতত নির্মাতাদের পরিকল্পনায় রয়েছে দু’টি পর্ব। দ্বিতীয় পর্বটি প্রথমে ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সম্প্রতি শোনা যাচ্ছে তা ২০২৮ সালেও হতে পারে।
ছবিতে রণবীর, যশ ও সাই পল্লবী ছাড়াও রয়েছেন সনী দেওল, রবি দুবে, অরুণ গোভিল, রকুল প্রীত সিংহ, বিবেক ওবেরয়, লারা দত্ত, কুণাল কপূর-সহ একাধিক পরিচিত মুখ। তবে রণবীরের এই মন্তব্য কি নিছকই কথার কথা, না কি সত্যিই ‘রামায়ণ’ ঘিরে আরও বড় কোনও নতুন পরিকল্পনা রয়েছে নির্মাতাদের? সেই উত্তর সময়ই দেবে।