চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পরেই খবর ছড়িয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। তার কয়েক দিনের মধ্যেই নিন্দকদের মুখে ছাই দিয়ে তারকাদম্পতি ঘোষণা করেছিলেন, তাঁদের কোলে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। এক মহিলা ভক্তকে সেই কথাই আরও এক বার মনে করিয়ে দিলেন রণবীর।
শুটিং সেটের ঘটনা। একটি ব্র্যান্ডের শুটিং চলছিল তখন। ডেনিম প্যান্টের সঙ্গে লাল রঙের টি-শার্ট ও কালো রোদচশমা, এই বেশে দেখা যায় রণবীরকে। তাঁকে দেখে বিগলিত এক অনুরাগিণী প্রশংসা করতে থাকেন। সেই অনুরাগিণীও পেশায় এক জন অভিনেত্রী ও মডেল। তাঁর নাম দীক্ষা নারং। তিনিই ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, দীক্ষা রঙ্গরসিকতা করছেন রণবীরের সঙ্গে। একটি কফি ব্র্যান্ডের জন্য শুটিং করছিলেন রণবীর। তখন দীক্ষাকে মজার ছলেই অভিনেতা বলেন, “কত ফ্লার্ট করছ! আমি কিন্তু দুটো বাচ্চার বাবা হতে চলেছি।” রণবীরের এই উত্তরে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকেই প্রশংসা করেছেন তাঁর এই স্বতঃস্ফূর্ত উত্তরে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সুখবর দিয়েছিলেন দীপিকা ও রণবীর। তাঁদের পোস্ট করা ছবিতে প্রথম সন্তান একরত্তি দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’। সেখানে দেওয়া লাল চিহ্ন স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল, রটনা ঘটনা হতে চলেছে। দুয়ার সঙ্গী আসতে চলেছে। এ ভাবেই তাঁর দ্বিতীয় মাতৃত্বকালীন খবরের কথা যৌথ ভাবে প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। সমাজমাধ্যম জুড়ে তার পরেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় রণবীর ও দীপিকার প্রথম সন্তান দুয়ার।
কাজের ক্ষেত্রে, রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তিনি বর্তমানে ‘প্রলয়’-এর শুটিং নিয়ে ব্যস্ত। অন্য দিকে দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের ছবি ‘কিং’-এ।